নারায়ণগঞ্জে সাত খুন: আবুল বাশারের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

 
নারায়ণগঞ্জের সাত খুন মামলায় গ্রেফতারকৃত আবুল বাশার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আবুল বাশার সাত খুনের মামলার প্রধান আসামী নূর হোসেনের সহযোগী। 
 
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনি রূপমের আদালতে তার এ জবানবন্দি রেকর্ড করা হয়। জবানবন্দি শেষে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়। 
 
গত ২৭ মার্চ দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণ গোলাকান্দাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 
 
মামলার বাদীপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, সাত খুন মামলায় কয়েকজন আসামী তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘটনার সঙ্গে আবুল বাশারের জড়িত থাকার কথা বলেছিল। সে নূর হোসেনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতো। আবুল বাশার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 
 
সাত খুনের ঘটনায় এ পর্যন্ত র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা ছাড়াও আরো ১৪ জন র‌্যাব সদস্যসহ মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। 
 
গ্রেফতারকৃতদের মধ্যে ১৭ জন র‌্যাব সদস্যসহ ২১জন আসামী হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আর ১২ জন র‌্যাব সদস্যসহ মোট ১৭ জন আদালতে সাক্ষী হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।