হাঁটুর ইনজুরির কারণে ভারতীয় প্রিমিয়ার লিগ আইপিএল -এর শুরুর দিকে খেলতে পারছেন না অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ও বিশ্বকাপের সিরিজ সেরা খেলোয়াড় মিচেল স্টার্ক। তবে তার ইনজুরি গুরুতর নয় বলে জানা গেছে।
গত বছর আইপিএল এর নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি) স্টার্ককে কিনে নিয়েছিল। ইনজুরির মাত্রা নির্নয়ে তাকে দুই সপ্তাহের বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ কারণে এবারের আইপিএল মৌসুমের প্রথমদিকে কয়েকটি ম্যাচে আরসিবি তাকে পাচ্ছে না।
বিষয়টি নিশ্চিত করে অস্ট্রেলিয়া দলের ফিজিও এ্যালেক্স কোনটোরিস বলেছেন, বিশ্বকাপের শেষের দিকে স্টার্কের হাঁটুতে সামান্য সমস্যা দেখা দিয়েছিল। এজন্য তাকে অল্প কিছুদিনের জন্য বিশ্রামে থাকতে হবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার মেডিকেল স্টাফরা পুনরায় পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নিবেন। আশা করছি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে।
বিশ্বকাপে অসাধারণ বোলিং করে স্টার্ক ১০.১৮ গড়ে সর্বোচ্চ ২২ উইকেট দখল করেছেন। আরসিবির পারফরমেন্সকে আরো এগিয়ে নিয়ে যাবার তার বোলিং নি:সন্দেহে প্রতিপক্ষের জন্য হুমকির কারন হয়ে দাঁড়াবে। তবে মৌসুমের শুরুতেই স্টার্কের এই ইনজুরি নিয়ে আরসিবি কিছুটা হলেও দু:শ্চিন্তায় পড়তে পারে। কারণ তাদের পেস আক্রমনের অপর যোদ্ধা এ্যাডাম মিলনে গোঁড়ালির ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছিলেন।
স্টার্কের অনুপস্থিতিতে সিডনি সিক্সার্সের সীমার সিন এ্যাবোটের আইপিএল অভিষেক ঘটতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। ওয়েস্ট ইন্ডিজ সফর এবং জুলাইতে ঐতিহ্যবাহী এ্যাশেজ সিরিজসহ ব্যস্ত সূচীকে সামনে রেখে ক্রিকেট অস্ট্রেলিয়া খেলোয়াড়দের নিয়ে বিশেষ করে তাদের তারকা পেসারদের নিয়ে কোন ঝুঁকি নিতে চাচ্ছে না।
ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বে আরসিবি আগামী ১১ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তাদের আইপিএল মিশন শুরু করবে।