পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে

 
 
 
 
পুঁজিবাজারের সূচক ও লেনদেন আগের দিনের তুলনায় বুধবার কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও দিন শেষে তা থাকেনি। উপরন্তু সূচক কমে গেছে। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও।
আইডিএলসির দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে—অসহিষ্ণুভাব ও অনিশ্চয়তার ফলে বাজারের সূচক ওঠা-নামা করছে। বিনিয়োগকারীরা নির্দিষ্ট কিছু শেয়ারে তাদের বিনিয়োগ সীমাবদ্ধ রাখছেন। বিশেষ করে ওষুধ খাতে বিনিয়োগকারীদের আগ্রহ ছিল বেশি। বুধবার এ খাতে লেনদেন হয়েছে প্রায় ৬৯ কোটি টাকার, যা বাজারের মোট লেনদেনের ১৯ দশমিক ২০ শতাংশ। এ দিকে, বিএসআরএম স্টিলের লভ্যাংশে সন্তুষ্ট হতে পারেনি বিনিয়োগকারীরা। এ জন্য বুধবার কোম্পানিটির শেয়ারদর সংশোধন হয়েছে প্রায় সাড়ে ৬ শতাংশ।
তথ্যে দেখা গেছে—বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৭ কমে ৪ হাজার ৫১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্যসূচক ৮ কমে ১ হাজার ৭১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৫৯ কোটি ৮৮ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৯৩ কোটি টাকা কম। লেনদেনকৃত ৩০৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ারের দর।
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৪৫ কমে ১৩ হাজার ৮১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৬ কোটি ১৮ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় ১৮ কোটি ৮১ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৩২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের দর।