পরীক্ষার্থীদের ক্ষতির দায় বিএনপি-জামায়াতের : শিক্ষামন্ত্রী

 
 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠানে দেশের আপামর জনগণের সহযোগিতা কামনা করেছেন।
 
পরীক্ষার্থীদের স্বার্থে বিএনপি-জামায়াত জোটের কর্মসূচিতে ছাড় দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, দেশের কোন স্থানে পরীক্ষার্থীদের ক্ষতি হলে তার দায় সম্পূর্ণ তাদের উপর বর্তাবে।
 
শিক্ষামন্ত্রী বুধবার ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে এইচএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।
 
নুরুল ইসলাম নাহিদ বলেন, বিএনপি-জামায়াত জোটের অবরোধ ও বিক্ষোভের মধ্যেই এ পরীক্ষা শুরু হয়েছে এবং রুটিনমাফিক পরীক্ষা নেয়া হবে, এর কোন ব্যত্যয় হবে না।
 
তিনি বলেন, এর আগে এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী, অভিভাবক, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ীসহ সমগ্র দেশবাসীর পক্ষ থেকে পরীক্ষা চলাকালীন হরতাল-অবরোধ না দেয়া বা দিলেও পরীক্ষাকে এসব কর্মসূচির আওতামুক্ত রাখার অনুরোধ করলেও তারা সাড়া দেননি।
 
শিক্ষামন্ত্রী বলেন, হরতাল অবরোধ দিয়ে তারা ১৫ লাখ এসএসসি ও সমমানের পরীক্ষার্থীর ক্ষতি করেছে। তাদের আত্মবিশ্বাসে আঘাত করেছে। তারা নতুন প্রজন্মের লেখাপড়া বন্ধ করে অন্ধকারে ঠেলে দিতে চায়। তবে জনগণের সর্বাত্মক সহযোগিতায় সরকার শিক্ষার উন্নয়ন এগিয়ে নিয়ে যাবে।
 
এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকার, এ এস মাহমুদ, ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবুবকর সিদ্দিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, এবার সারাদেশে পৌনে ১১ লাখ পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছে।