উখিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে কক্সবাজারের এক হোটেলে রাবেয়া নামে এক কিশোরীকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে স্থানীয় আল ফুয়াদ হাসপাতালের বারান্দায় ধর্ষিতাকে রেখে পালিয়ে যায়। রাবেয়া (১৫) রত্নাপালং ইউনিয়নের জয়নাল উদ্দিনের মেয়ে।
বুধবার দুপুর ১২টার দিকে ময়না তদন্ত শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এলাকার শত শত নারী-পুরুষ, শিশু, কিশোর, আবালবৃদ্ধ গ্রামবাসী রাবেয়ার মৃত দেহ দেখার জন্য ভিড় জমাতে দেখা গেছে।
নিহত রাবেয়ার চাচা কামাল উদ্দিন জানান, একই গ্রামের ধর্নাঢ্য বিদেশ প্রবাসী মাহবুবুল আলমের ছেলে বখাটে আব্দুল্লাহ আল টিটুর (২৮) সাথে রাবেয়ার সর্ম্পকের সূত্র ধরে মঙ্গলবার রাবেয়াকে কোর্টবাজার এলাকা থেকে কক্সবাজারের কলাতলীর এক হোটেলে নিয়ে যায়রে। পালাক্রমে তাকে ধর্ষণের পর ঘটনা জানাজানি হওয়ার আশংকায় তাকে হত্যা করেছে।
হাসপাতালে স্থাপন করা সিসি ক্যামরায় নিহত কিশোরী সহ অপরাপর লোকজনদের ছবি ভিডিও ফুটেজে রয়েছে। স্থানীয় ইউপি সদস্য দুলাল অবিলম্বে ঘাতক ধর্ষকদের গ্রেপ্তারের জন্য পুলিশের সহযোগীতা কামনা করেছেন।
কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ মতিউল ইসলাম জানান, ময়না তদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।