ইবিতে ক্লাস-পরীক্ষা শুরু শনিবার, রাজনৈতিক কর্মকাণ্ড নিষেধাজ্ঞা

 
দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর অবশেষে আগামীকাল শুক্রবার থেকে সচল হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়। সকাল সাড়ে ৯টায় আবাসিক হল সমূহ এবং শনিবার থেকে একাডেমিক কার্যক্রম চলবে।
 
বুধবার বিকাল পাঁচটায় অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সিন্ডিকেট সভা সূত্রে জানা গেছে।
সিন্ডিকেট সভা সুত্রে জানা যায়, বুধবার বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে তার বাস ভবনে ২২৮তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় শুক্রবার সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
শনিবার থেকে ক্লাস-পরীক্ষা চালু হবে এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের একজন সিন্ডিকেট সদস্য জানিয়েছেন। এছাড়া আগামী শনিবার ৪ এপ্রিল থেকে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হবে।
 
শুক্রবার আবাসিক হলসমূহ খোলা হলেও ১০টি শর্ত সাপেক্ষে শিক্ষার্থীদের হলে প্রবেশ করানো হবে। আইডি কার্ড দেখা, লাগেজ সার্চ, বহিরাগত প্রবেশ নিষিদ্ধ, কোন অতিথিকে হল গেটে প্রবেশাধিকার না দেয়াসহ সব  শর্ত পূরণ করে শিক্ষার্থীদের হলে প্রবেশ করতে দেওয়া হবে।
এছাড়া সভায় গৃহীত সিদ্ধান্তের মাধ্যমে পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মিছিল, সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
 
এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন, ‘দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকার পর আমরা ক্যাম্পাসের হলসহ ক্লাস-পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছি, তবে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য ছাত্রসংগঠনগুলোকে ভূমিকা রাখতে হবে।’ এসময় তিনি স্বাভাবিকভাবে ক্যাম্পাস সচল রাখার ব্যাপারে আশাবাদ ভ্যক্ত করেন।
উল্লেখ্য, গত বছরের ৩০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের বাস চাপায় এক ছাত্র নিহতের ঘটনাকে কেন্দ্র করে ও ২০দলীয় জোটের হরতাল অবোরোধের  কারনে টানা চার মাস বিশ্ববিদ্যালয়টি বন্ধ রয়েছে।