চৈত্রের গরমে হঠাত্ বৃষ্টি

 
 
 
 
কয়েক দিনের চৈত্রের তাপের মধ্যে শান্তির পরশ দিল হঠাত্ বৃষ্টি। বুধবার সকাল-সন্ধ্যা দুই পশলা বৃষ্টিতে তাপমাত্রা কমলো অনেকটাই। স্বস্তি পেলেন অতিষ্ট রাজধানীবাসীসহ দেশের মানুষ। আগামী কয়েক দিন মাঝে-মধ্যে এমন দমকা বৃষ্টি স্বস্তি দেবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৈশাখের আগমনী বার্তাই যেন দিচ্ছে এই বৃষ্টি। পশ্চিমা লঘুচাপের সঙ্গে পুবালি বাতাসের সংমিশ্রণ এ ধরনের দমকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এখন থেকে মাঝেমধ্যে দেখা যাবে। বৃষ্টির প্রভাবে তাপমাত্রাও থাকবে কিছুটা সহনীয়। ভোরের হাওয়ায় থাকবে একটু হিমেল আমেজও।
পূর্বহিমালয় অঞ্চলে গড়েওঠা লঘুচাপের প্রভাবে জমে উঠেছে মেঘের বাতাবরণ। এর প্রভাবে সপ্তাহজুড়ে বাংলাদেশ-সংলগ্ন পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরামেও রয়েছে ভারি বৃষ্টির আশঙ্কা। এর প্রভাব পড়তে পারে রাজধানী ঢাকাসহ সারা দেশে।
বুধবার সকাল ও সন্ধ্যা দুই দফার বৃষ্টিতে অনেকেই সিক্ত হয়েছে। তবে হঠাত্ বৃষ্টিতে বিপাকে পড়েছেন পথচারীরা। প্রস্তুতি না থাকায় অনেককে ভিজে ভিজে যেতে হয়েছে গন্তব্যে।

আবহাওয়া অধিদপ্তর বলছে—এখন গুটি আমে সেচ দেয়ার সময়। কিন্তু বৃষ্টি হওয়ায় আর সেটা করতে হবে না। এই বৃষ্টি আম ও বোরো চাষের জন্য অনেক উপকার বয়ে আনবে।