সোনিয়াকে নিয়ে বিরূপ মন্তব্যে বিতর্কের ঝড়

 
'সোনিয়া গান্ধীর চামড়ার রং সাদা বলেই কংগ্রেস তাকে নেত্রী বলে মেনে নিয়েছে' এমন মন্তব্য করে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ও বিতর্কিত বিজেপি নেতা গিরিরাজ সিং। খবর- বিবিসির।
বিহারের হাজীপুরে সাংবাদিকদের সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় তিনি প্রশ্ন তুলেন, রাজীব গান্ধী কোনো নাইজেরিয়ান মহিলাকে বিয়ে করলে কংগ্রেস কি সেই স্ত্রীকে নেত্রী হিসেবে মেনে নিত?
নাইজেরীয়দের নিয়ে এমন অমর্যাদাকর মন্তব্য করায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দিল্লিতে নিযুক্ত নাইজেরিয়ার রাষ্ট্রদূত বি ওকোঙ্গোর। তিনি  বলেছেন, সরকারের সর্বোচ্চ পর্যায়ের একজন ব্যক্তির কাছ থেকে এই ধরনের মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ভারত ও নাইজেরিয়ার যা ঘনিষ্ঠ সম্পর্ক, তাতে এটা আশা করা যায় না।
এই মন্তব্য প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়াতে গিরিরাজ সিংকে তুলোধুনা করা হচ্ছে, আর কংগ্রেস বলেছে এটা তাঁর মানসিক অসুস্থতার পরিচয়!
ভারতে লোকসভা ভোটের আগে বিজেপির এই নেতা মন্তব্য করেছিলেন, নরেন্দ্র মোদীর বিরোধীদের সবার পাকিস্তানে চলে যাওয়া উচিত।
অডিও ক্লিপটিতে তাকে বলতে শোনা যায়, 'রাজীব গান্ধী যদি কোনো নাইজেরিয়ানকে বিয়ে করতেন, তার স্ত্রীর যদি গোরা চামড়া না-হত, তাহলে কংগ্রেস কি তার নেতৃত্ব মেনে নিত?'
গিরিরাজ সিং যদিও বলেছিলেন তাঁর এই সব কথাবার্তা অফ দ্য রেকর্ড, তার পরেও উপস্থিত একজন সাংবাদিক নিজের মোবাইল ফোনে তা রেকর্ড করে নেন। পরে বুধবার সেই অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
কংগ্রেস দলের পক্ষ থেকে বলা হয়, তাঁর মন্তব্যে মানসিক অসুস্থতার আভাস পাওয়া যাচ্ছে – এবং প্রধানমন্ত্রীকে গিরিরাজ সিংয়ের হয়ে ক্ষমা চাইতে হবে।