সাত খুনে জড়িত থাকার কথা স্বীকার করলেন বাশার

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় গ্রেফতারকৃত সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আবুল বাশার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা জানিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমের আদালতে ১৬৪ ধারায়  দেয়া আসামির জবানবন্দি রেকর্ড করা হয়।

আবুল বাশার ছিলেন সাত খুনের ঘটনায় ভারতে গ্রেফতারকৃত নূর হোসেনের ঘনিষ্ঠ সহযোগী। গত ২৭ মার্চ রূপগঞ্জের দক্ষিণ গোলাকান্দাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরই মধ্যে তিনি জবানবন্দি প্রদান করলেন। 
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ওসি মামুনুর রশিদ মণ্ডল জানান, জবানবন্দিতে আবুল বাশার সেভেন মার্ডার ও নূর হোসেন সম্পর্কিত অনেক চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহূত হন। পরে শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ ভেসে ওঠে।