আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। খালেদা জিয়া দেশের এ অগ্রগতি ঠেকাতে মরিয়া হয়ে উঠেছেন। নির্বাচনের মাঠে আর গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি বার বার আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের কাছে পরাজিত হবে।
গতকাল বুধবার বিকালে গোবিন্দগঞ্জ বহুমুখী হাইস্কুল মাঠে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সন্ত্রাস, নাশকতা ও মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এ কথা বলেন। বৃষ্টি উপেক্ষা করে অর্ধ লক্ষাধিক মানুষ এ জনসভায় অংশ নেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী সাদেকের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ হোসেন ফকু, মহিলা আওয়ামী লীগ নেত্রী শাহানা আকতার, জেলা সাম্যবাদী দলের নেতা সবুজ আকন্দ, মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জাকারিয়া ইসলাম জুয়েল, মুকিতুর রহমান রাফি প্রমুখ।
‘বিএনপি দ্বৈতনীতি গ্রহণ করেছে’
বগুড়া অফিস জানায়, দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার আমতলী মডেল স্কুলের যুগপূর্তি উত্সবে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি দ্বৈতনীতি গ্রহণ করেছে। একদিকে অপ্রয়োজনীয় হরতাল অবরোধ ডাকে, আবার নির্বাচনের কথা বলে। যে কোন নির্বাচনের আগেই তারা কারচুপি হবে বলে অভিযোগ তোলে, কারণ এই অভ্যাসটা সব সময়ই তাদের ছিল। বিএনপিকে এই চরিত্র বদলাতে হবে।