প্রশাসনিক জটিলতা, ভবনের টেন্ডার বিলম্বসহ বিভিন্ন কারণে ফেনীর সদর উপজেলার গোহাডুয়া হাজী আলী আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ দেরিতে শুরু হওয়ায় প্রায় একবছরেরও বেশি সময় ধরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা প্রধান শিক্ষকের বাড়ির ঘরের বারান্দায় খোলা আকাশের নিচে বসে লেখাপড়া করছে।
ফেনী শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে সদর উপজেলার কালিদহ ইউনিয়নে গোহাডুয়া হাজী আলী আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বলেন, ঘরের বারান্দায় খোলা আকাশের নিচে বসে লেখাপড়ার কষ্ট থেকে বাঁচানোর জন্য সরকার যেন তাদের বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ দ্রুত শেষ করার ব্যবস্থা গ্রহণ করেন। শিক্ষার্থীদের বসার স্থানের পাশে স্যানেটারী পায়খানা থাকায় অস্বাস্থ্যকর পরিবেশে লেখাপড়া করতে হচ্ছে। অপরদিকে বৃষ্টি হলে ছাত্র-ছাত্রীদের ভোগান্তির সীমা থাকে না। তখন অনেক কষ্টে ঘরের দুটি কক্ষে গাদাগাদি করে বসে ক্লাস করতে হয়। ফলে ছাত্র-ছাত্রীরা লেখাপড়ায় মনোনিবেশ করতে পারছে না। অনেক অভিভাবক তাদের সন্তানদের পাশের বিদ্যালয়ে নিয়ে গেছে। ফলে দিনদিন এই বিদ্যালয়ের শিক্ষার্থীর উপস্থিতি কমে যাচ্ছে।
গোহাডুয়া হাজী আলী আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিউলি বেগম জানান, কষ্ট হলেও শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
শিক্ষার্থীদের জন্য লেখার বোর্ড লাগানোর ব্যবস্থা না থাকায় ছাত্র-ছাত্রীদের খাতায় লিখে দিতে হচ্ছে। গোহাডুয়া হাজী আলী আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন খোন্দকার জানান, সরকার এই বিদ্যালয়ের ভবনটি পরিত্যক্ত ঘোষণার পর প্রায় দেড়বছর পূর্বে এই ভবনটি ভেঙে ফেলা হয়।
প্রশাসনিক জটিলতা, ভবনের টেন্ডার বিলম্বসহ বিভিন্ন কারণে এই বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ দেরিতে শুরু হয়। ভবন নির্মাণ হলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে।
গোহাডুয়া হাজী আলী আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. রফিকুল ইসলাম জানান, প্রশাসনিক জটিলতা, বৃষ্টির সময় শিক্ষার্থীদের জন্য ঘরের টিনের চাল দিয়ে ব্যবস্থা করা হবে।
তবে ফেনী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল আজিজ জানান, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকে কেন্দ্র করে সাময়িক কিছুটা অসুবিধা হলেও শ্রেণী কার্যক্রম চালু রয়েছে। স্থানীয় এলাকাবাসী দ্রুত ভবনের নির্মাণ কাজ শেষ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।