চাঁপাইনবাবগঞ্জের দুই শিশুসহ বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ১৪ জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
শিবগঞ্জে দুই শিশুসহ চারজন নিহত:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরবাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির লতিফা ও আঁখি নামে দুই ছাত্রী নিখোঁজের ৪ দিন পর গতকাল বুধবার দুপুরে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ২৮ মার্চ বাড়ি থেকে স্কুলে যাবার পর তারা নিখোঁজ হয় ।
এদিকে শিবগঞ্জ উপজেলার বনকুল গ্রামে গতকাল বুধবার দুপুরে সড়ক দুর্ঘটনায় মোসা. আশনারা খাতুন (২০) নামে এক কলেজ ছাত্রী মারা গেছেন। সে ফজলুল হক সরকারি কলেজের দর্শন বিভাগের অনার্সের ৪র্থ বর্ষের ছাত্রী। সে অটোযোগে শিবগঞ্জ যাবার পথে দাদনচক হল মোড়ে অটো থেকে পড়ে যায়। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।
অপরদিকে, শিবগঞ্জ উপজেলার পুশকুনি এলাকার একটি আমবাগান থেকে বুধবার সকালে ওলিউল (৪২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওলিউল গোমস্তাপুর উপজেলার বেনিচক গ্রামের মৃত সোনুর ছেলে।
শিবগঞ্জ থানার এস আই সবুর জানান, হাত পা বাঁধা অবস্থায় তার ঘাড়ে, মাথায়, হাতে, পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
গাজীপুরে বাসের চাপায় চাচা ও ভাতিজার মৃত্যু: গাজীপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে গতকাল বুধবার দুপুরে দুইজন মারা গেছেন। নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার ফুলপুরের দিগেন্দ্র দাস (৪৮) ও তার ভাতিজা অঞ্জন বিশ্বাস ওরফে বাবু (৩)। গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার বর্ষা সিনেমা হলের সামনে দিগেন্দ্র দাস তার শিশু ভাতিজা বাবুকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে উল্টো পথ দিয়ে চান্দনা চৌরাস্তাগামী বলাকা পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দেয়। চাচা ও ভাতিজাকে গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাদেরকে মৃত বলে জানান।
কালিহাতিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২:টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সল্লা এলাকায় গতকাল বুধবার সকাল সাড়ে ৭টায় সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। এ সময় তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন, ট্রাকের শ্রমিক হাসান আলী (৪০) ও হেলপার আব্দুল হামিদ (৩৫)। হতাহতদের প্রত্যেকের বাড়ি টাঙ্গাইলের অলোয়াভবানী গ্রামে। আহতদের মধ্যে দুইজনকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল ও একজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীর লাশ উদ্ধার:পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় নাছরিন আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পৌর শহরের হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ও উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের লাল মিয়ার কন্যা। পারিবারিক তুচ্ছ ঘটনায় অভিমান করে পোকা নিধনের ট্যাবলেট খেয়ে মারা যায়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত মামলা দায়ের করা হয়েছে।
পাঁচবিবিতে শিশুর মৃত্যু:জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জামকাশপুর গ্রামে গত মঙ্গলবার বিকালে গলায় ওড়না পেঁচিয়ে মিলি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
পাঁচবিবি থানার ওসি তদন্ত ফরিদ হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে ঘটনার রহস্য উদঘাটন করা হবে।
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত:চুয়াডাঙ্গা জেলা শহরের দামুড়হুদা-চুয়াডাঙ্গা সড়কের পুলিশ লাইনের সামনে সড়ক দুর্ঘটনায় গতকাল বুধবার আহসান (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। নিহত ব্যক্তি দামুড়হুদা উপজেলার নতুন বাস্তবপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র।
সুন্দরগঞ্জে একজনকে কুপিয়ে হত্যা:গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ বাজারপাড়া গ্রামে গত মঙ্গলবার রাত ৯টায় আতোয়ার রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কক্সবাজারে জাকির প্রধান জাকির মোস্তফা খুন:কক্সবাজার শহরের জাকির বাহিনীর প্রধান জাকির মোস্তফা খুন হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহরের অপর একটি সন্ত্রাসী গ্রুপের সদস্যরা মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শহরের পাহাড়তলী এলাকার ইসলামপুরের নুরপাড়া এলাকায় তাকে কুপিয়ে হত্যা করে। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, ডাকাতিসহ নানা অভিযোগে ১৮টি মামলা রয়েছে।
বাকেরগঞ্জে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার:বরিশালের বাকেরগঞ্জ তুলাতলী নদী থেকে গত মঙ্গলবার অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠায়।