ঝিনাইদহে কাল বৈশাখী ঝড়ে ১০ টি গ্রামের শতাধিক বাড়ি-ঘর লণ্ডভণ্ড হয়ে গেছে। মাঠের ফসল গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। আহত হয়েছে নারী-শিশুসহ কমপক্ষে ২০ জন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঝড় আঘাত হানে। এতে উপজেলার কোলা ও জামাল ইউনিয়নের খড়িকাডাঙ্গা, কামালহাট, ঘোষপাড়া, কোলা, রামচন্দ্রপুর,তালিয়ান,রাকড়া বিত্তিপাড়া ও দাশপাড়াসহ ১০ টি গ্রামের শতাধিক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্থ হয়।
গ্রামবাসিরা জানিয়েছেন, ভোর হঠাৎ বৃষ্টিসহ কাল বৈশাখী ঝড় শুরু হয়। এ সময় কিছু বুঝে উঠার আগেই সব কিছু লণ্ডভণ্ড হয়ে যায়। ঝড়ে কমপক্ষে ১০ গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠের ফসল মাটির সাথে মিশেগেছে। ভেঙ্গে পড়েছে গাছপালা। ১০ মিনিট স্থায়ী এ ঝড়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন শত শত গ্রামবাসি। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা খোলা আকাশের নীচে বসবাস করছে ।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা ক্ষতিগ্রস্থ এলাকা থেকে জানিয়েছেন, প্রশাসন ও স্থানীয়রা উদ্ধার কাজ পরিচালনা করছে। জরুরী সাহয্য চেয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে বলেও জানান তিনি।