যশোরের শার্শায় ভারতে পাচারের সময় এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে উপজেলার সীমান্তবর্তী রুদ্রপুর গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ঐ স্কুলছাত্রী ঢাকার নয়াটোলা এলাকার বাসিন্দা।
গ্রামবাসী জানায়, ঐ স্কুলছাত্রী সৌরভ নামে এক প্রতারকের প্রেমের ফাঁদে পড়ে। বুধবার স্কুলে যাওয়ার সময় ফুঁসলিয়ে তাকে ঢাকা থেকে বেনাপোল নিয়ে আসে এ প্রতারক। আজ সকালে তাকে ভারতে পাচারের উদ্দেশ্যে রুদ্রপুর সীমান্তে পাচারকারীদের হাতে তুলে দেয়। এ সময় মেয়েটি পাচারের শিকার হচ্ছে বুঝতে পেরে কৌশলে সীমান্তবর্তী একটি বাড়িতে ঢুকে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। এ সময় পাচারকারীরা কৌশলে পালিয়ে যায়।
শার্শা উপজেলার কায়বা ইউপি সদস্য হোসনে আরা খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মেয়েটি এখন তাদের হেফাজতে রয়েছে।