সহিংস উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যের আহ্বান ইইউর

 
ব্লগার অভিজিৎ রায় ও ওয়াশিকুর রহমান হত্যার ঘটনাকে ‘বাক স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর হামলা’ হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে বাংলাদেশের সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘ঢাকায় গত ৩০ মার্চ ওয়াশিকুর রহমানের হত্যাকাণ্ড বাংলাদেশে এক মাসের মধ্যে ব্লগারদের ওপর হামলার দ্বিতীয় ঘটনা। ওয়াশিকুর ও অভিজিতের হত্যাকাণ্ড বাক স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর হামলা।’
বিবৃতিতে বলা হয়, মানবাধিকার বিষয়ক সার্বজনীন ঘোষণা এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক সনদ অনুযায়ী বাক স্বাধীনতা মানবাধিকার হিসেবে স্বীকৃত। বাংলাদেশ ওই ঘোষণা ও সনদ মেনে চলতে অঙ্গীকারাবদ্ধ। বাক ও চিন্তার স্বাধীনতা, বিবেক, ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতার কথা ইউরোপীয় ইউনিয়ন বলে থাকে। গণতান্ত্রিক সমাজের জন্য সহনশীলতা ও সংলাপের প্রয়োজনীয়তার কথাও বলেছে সংগঠনটি।
ইউরোপীয় ইউনিয়ন বলেছে, ‘বাংলাদেশে এই ধরনের সহিংস উগ্রপন্থার বিরুদ্ধে সরকার, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের একযোগে কাজ করা উচিত। এসব হত্যাকাণ্ডের জন্য দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’
গত ৩০ মার্চ সকালে তেজগাঁওয়ে নিজের বাসার কাছে হামলায় নিহত হন ব্লগার ওয়াশিকুর রহমান বাবু। এর আগে গত ফেব্রুয়ারিতে বইমেলা থেকে ফেরার সময় দর্বৃত্তের চাপাতির কোপে নিহত হন ব্লগার অভিজিৎ রায়।