রামপালে 'বন্দুকযুদ্ধে' নিহত ১


বাগেরহাটের রামপালে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' কামরুল শেখ (৩৬) নামে এক বক্তি নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ সংলগ্ন কাটাখালি এলাকায় এ 'বন্দুকযুদ্ধ' হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৮টি আগ্নেয়াস্ত্র ও ৭৮ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব।
র‌্যাবের দাবি, নিহত কামরুল বনদস্যু রাজু-ফরিদ বাহিনীর প্রধান।
রামপাল থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‌্যাব-৮ এর ডিএডি বিদ্যুৎ রায় বুধবার বেলা ৩টা ৩৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়কাটালি পৌঁছায়। সন্ধা সোয়া ৭টার দিকে বড়কাটালি মাঠে বসে কামরুল ইসলাম ও তার সহযোগী ১০/১২ গোপন বৈঠক করছিল। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে ডাকাত দল গুলি ছুড়তে শুরু করে। র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পালটা গুলি শুরু করে। সন্ধা ৭টা ২০ হতে ৭টা ৩০মিনিট পর্যন্ত প্রায় ১০ মিনিট গুলি বিনিময়ের পর বনদস্যুরা পিছু হটে যায়। পরে রামপাল থানা পুলিশের সহযোগীতায় এলাকায় তল্লাশী শুরু করে। এ সময় বড়কাটালি মাধ্যমিক বিদ্যালয় মাঠের শহীদ মিনারের পশ্চিম পাশের খোলা মাঠে মৃত অবস্থায় কামরুলের মৃত দেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিএডি বিদ্যুৎ রায় বাদী হয়ে রামপাল থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।