প্রথম দফায় ইয়েমেনে আটকেপড়া ৩৫০ ভারতীয় দেশে ফিরল

 
 
 
ইয়েমেনে আটকেপড়া ৩৫০ নাগরিকের প্রথম ব্যাচ নিয়ে ভারতে পৌঁছেছে বিমান বাহিনীর দুটি বিমান। জিবুতি থেকে বৃহস্পতিবার সকালে বিমান দুটি ভারতে এসে পৌঁছায়। এদের মধ্যে শতাধিক নারী ও শিশু রয়েছে।
এর আগে তাদেরকে নিয়ে নৌবাহিনীর জাহাজ আইএনএস সুমিত্রা এডেন থেকে সমুদ্র পথে জিবুতি পৌঁছায়। এরপর বিমান বাহিনীর দুটি বিমানে ভারতীয়দের জিবুতি থেকে মুম্বাই ও কোচি বিমানবন্দরে নিয়ে আসা হয়। এ সময় তাদের আত্মীয়-স্বজন ও বন্ধুরা আগতদের অভ্যর্থনা জানায়। সেখান থেকে তারা নিজ নিজ বাড়িতে চলে যায়। এদের মধ্যে ১০০ নারী এবং ২৫ শিশু রয়েছে। আগতদের বেশির ভাগই দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কেরালার বাসিন্দা।
প্রেসিডেন্ট আব্দুল্লাহ মনসুর হাদির সমর্থনে ইয়েমেনে বিদ্রোহীদের লক্ষ্যবস্তুতে হামলা শুরু করে সৌদি আরব। এই প্রেক্ষাপটে নাগরিকদের উদ্ধার করে দেশে ফিরিয়ে নিতে তত্পর হয়েছে ভারত সরকার।
উদ্ধারকৃতদের মধ্যে সেলিনা ইবি নামের এক সেবিকা রয়েছেন, যিনি ৭ বছরের বেশি সময় এডেনের একটি হাসপাতালে কর্মরত ছিলেন। সেখানকার পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘আমি এতটাই ভয়ে ছিলাম, মনে হচ্ছিল—বোমা আমার হোস্টেল বিল্ডিংয়ে এসে আঘাত করবে। আমরা তখন হাসপাতালে চলে আসি। আমি শুধু চাইছিলাম—যেভাবেই হোক ভারতে যেন ফিরে আসতে পারি।’ 
ইয়েমেনে বর্তমানে ৪ হাজার ভারতীয় কর্মরত আছেন। তাদের উদ্ধার করতে আইএনএস সুমিত্রা ছাড়াও চারটি জাহাজ পাঠানো হয়েছে। একসঙ্গে সেগুলো এডেন বন্দরে ঢুকবে ৫ এপ্রিল। জলপথ ছাড়াও আকাশপথে উদ্ধারকাজ চালানোর জন্য ভারতীয় বিমান বাহিনীর দুটি সি-১৭ গ্লোবমাস্টার বিমান পাঠানো হয়েছে। এ দিকে, উদ্ধারকার্য তদারক করার জন্য বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংকে জিবুতিতে পাঠিয়েছে ভারত সরকার। চলেছে দফায় দফায় বৈঠক। দেশটিতে আটকেপড়া ভারতীয়দের উদ্ধার করতে সৌদি আরবের সাহায্য কী ভাবে নেয়া যায়, তা নিয়েও পরিকল্পনা চলছে।