মিসরে সামরিক সরঞ্জামাদি সরবরাহের ওপর আরোপিত মার্কিন অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। দুই বছর আগে দেশটিতে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উত্খাতের পর এ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
মঙ্গলবার মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে টেলিফোনে আলাপ করার সময় অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি অবহিত করেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা। এ সময় তিনি মিসরে বেশ কিছু সমরাস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দেন বলে জানা গেছে। এগুলোর মধ্যে রয়েছে ১২টি এফ-১৬ জঙ্গি বিমান, ২০টি বোয়িং হারপুন ক্ষেপণাস্ত্র এবং ১২৫টি এমআইএওয়ান ট্যাঙ্ক।
প্রেসিডেন্ট ওবামা আরো বলেন, তিনি মিসরে প্রতি বছর ১ দশমিক ৩ মিলিয়ন ডলারের মার্কিন অর্থ সহায়তা অব্যাহত রাখতে কংগ্রেসের কাছে অনুরোধ জানাবেন।
২০১৩ সালে সামরিক অভ্যুত্থানের পর গত দু’বছর ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো সামরিক সহযোগিতা পায়নি কায়রোর সেনা সমর্থিত সরকার। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র হিসেবে পরিচিত মিসর সম্প্রতি ইয়েমেনে শিয়াপন্থি হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত সৌদি নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে। ফলে সৌদি জোটে যোগ দেয়ার পুরস্কার হিসেবে দেখা হচ্ছে এ অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার। মঙ্গলবার ওবামার এই ঘোষণা সম্পর্কে জাতীয় নিরাপত্তা সংস্থার মুখপাত্র বের্নাদেত্তে মেহান জানান, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়া এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, ওয়াশিংটনের দীর্ঘদিনের মিত্র হিসেবে স্বীকৃত মিসরের কাছে সমরাস্ত্র পাঠাতে সম্মত হয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার এই সিদ্ধান্ত মিসরের রাজনৈতিক সংস্কারকে আরো উত্সাহিত করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।