প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে মিন্টু-পিন্টুর আপিল

 
ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে জমা দেয়া মনোনয়নপত্র নির্বাচন কমিশনের বাতিল করার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন আব্দুল আউয়াল মিন্টু, নাসিরুদ্দিন আহমেদ পিন্টু ও ঢাকা দক্ষিণের নির্দলীয় মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরী।
 
এদের মধ্যে আবদুল আউয়াল মিন্টু ঢাকা উত্তরের প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তিনি খালেদা জিয়ার উপদেষ্টা ও পেশায় একজন ব্যবসায়ী। নাসিরউদ্দিন আহম্মেদ পিন্টু মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য। তিনি বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক।
 
এই তিন জন তাদের প্রার্থিতা ফিরে পেতে ঢাকার বিভাগীয় কমিশনারের কাছে আপিল করেছেন। বিভাগীয় কমিশনার আপিল কর্তৃপক্ষ হিসেবে দায়িত্বে রয়েছেন।
 
বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমান ৪ এপ্রিল, শনিবার বিকাল সাড়ে ৪টার পর আপিল শুনানি করবেন।
 
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম ও দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে মেয়র পদে প্রার্থিতা বৈধ ও বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেন।
 
রিটার্নিং অফিসারের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তিন দিনের মধ্যে সংক্ষুব্ধ প্রার্থীদের আপিল করার সুযোগ রয়েছে।
 
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতায় সমর্থক হন আবদুর রাজ্জাক নামে এক ব্যক্তি। তিনি (রাজ্জাক) উত্তর সিটির ভোটার নন। রিটার্নিং কর্মকর্তা জানান, কোন ব্যক্তি মেয়র কিংবা কাউন্সিলর প্রার্থী হলে এবং তার প্রস্তাবক ও সমর্থক সবাইকে সংশ্লিষ্ট এলাকার ভোটার হওয়া বাধ্যতামূলক। অন্যথায়, প্রার্থিতায় অযোগ্য হবেন সংশ্লিষ্ট প্রার্থী।
 
বিডিআর (বর্তমানে বিজিবি) বিদ্রোহের ঘটনায় ইন্ধনের  অপরাধে রাষ্ট্রদ্রোহ মামলায় তিনি দণ্ডিত হওয়ায় দক্ষিণ সিটিতে বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।  সাজার বিরুদ্ধে তার আপিল গৃহীত হয়েছে, এমন কোন প্রমাণ মনোনয়নপত্রের সাথে সংযুক্ত না করায় তার প্রার্থিতা বাতিল করা হয়।