ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া তালতলা এলাকায় বৃহস্পতিবার বেলা সোয়া ৩ টার দিকে ট্রাক চাপায় রিক্সাভ্যান চালক খায়রুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন।
এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে যাওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
নিহত রিক্সাভ্যান চালক খায়রুল ইসলাম উপজেলার তালুককানুপুর ইউনিয়নের দুবলাগাড়ী গ্রামের রজ্জব আলীর ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট জুলহাস হোসেন জানান, বংপুর থেকে বগুড়াগামী একটি ময়দা বোঝাই ট্রাক ওই এলাকায় বিপরীতমুখী একটি রিক্সাভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিক্সাভ্যান চালক খায়রুল ইসলাম মারা যান।
তিনি আরো জানান, এসময় বিক্ষুদ্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে যাওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে এঘটনার আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিকেল ৪ টার দিকে জনগন অবরোধ প্রত্যাহার করেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, ট্রাকটি আটক করলেও ঘাতক চালক ও হেলপার পালিয়ে গেছে।