বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে উচ্চ আদালতে বিচারাধীন বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার বেঞ্চ পরিবর্তনের আবেদন জানানো হয়েছে।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কাছে এ আবেদন জানানো হয়। আগামী ৫ এপ্রিল কয়লা খনি দুর্নীতি মামলা বাতিল প্রশ্নে বিএনপি চেয়ারপার্সনের আবেদনের ওপর রায় প্রদানের জন্য দিন ধার্য রেখেছেন বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশণ বেঞ্চ।
এই বেঞ্চে বাতিল আবেদনটি নিষ্পত্তি হলে খালেদা জিয়া ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন বলে আবেদনকারীর শংকা রয়েছে বলে জানান ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল।
তিনি বলেন, আমাদের অনুপস্থিতিতে দুদক কৌসুলির শুনানি গ্রহন করে হাইকোর্ট গত ১০ মার্চ রায়ের জন্য দিন ধার্য করে। পরে আমরা সময় চাইলে ১৫ মার্চ আবারো রায়ের জন্য দিন ধার্য করে দেন। তাই আবেদনকারী মনে করছেন এই বেঞ্চে মামলা নিষ্পত্তি হলে তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন।
২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় খালেদা জিয়াসহ চার দলীয় জোট সরকারের একাধিক মন্ত্রী ও ব্যবসায়ীর বিরুদ্ধে এ মামলা করে দুদক। ওই বছরের ৫ অক্টোবর ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে মামলা দায়েরের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে বাতিল আবেদন করেন খালেদা জিয়া।