চলতি অর্থবছরের (২০১৪-১৫) প্রথম নয় মাসে রেমিট্যান্সের প্রবৃদ্ধি হয়েছে সাত দশমিক ২১ শতাংশ। আর একক মাস হিসাবেও আগের মাস ফেব্রুয়ারি এবং গত বছরের একই মাসের তুলনায় মার্চে রেমিট্যান্স বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম নয় মাস ( জুলাই-মার্চ) সময়ে দেশে এক হাজার ১২৫ কোটি ২৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল এক হাজার ৪৯ কোটি ৫২ লাখ ডলার।
এদিকে গত মার্চে দেশে ১৩৩ কোটি ২৪ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স এসেছে। আগের মাস ফেব্রুয়ারিতে এ পরিমাণ ছিল ১১৮ কোটি ৯৬ লাখ ডলার। সে হিসেবে আগের মাসের তুলনায় ১৪ কোটি ২৮ লাখ ডলার বা ১২ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে। আর আগের বছরের মার্চ মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ছিল ১২৮ কোটি ৮৬ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের মার্চ মাসে আগের বছরের মার্চের তুলনায় চার কোটি ৩৭ লাখ ডলার বা তিন দশমিক ৩৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
প্রতিবেদনে দেখা যায়, মার্চে রাষ্ট্রীয় মালিকানার বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৩ কোটি ৫২ লাখ ডলার। আগের মাসে এ পরিমাণ ছিল ৩৭ কোটি ৫২ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এক কোটি ৭১ লাখ ডলার রেমিট্যান্স এসেছে মার্চ মাসে।
আর ফেব্রুয়ারিতে এসব ব্যাংকের মাধ্যমে এসেছিল এক কোটি ৫৬ লাখ ডলার। মার্চে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৬ কোটি ৪০ লাখ ডলার যা ফেব্রুয়ারিতে ছিল ৭৭ কোটি ৩১ লাখ ডলার।
এছাড়া মার্চে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল এক কোটি ৫৮ লাখ ডলার। আগের মাসে এ পরিমাণ ছিল এক কোটি ৪৬ লাখ ডলার।