সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নে একটি পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় বিরুলিয়ার ভোমকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো ১০ বছর বয়সী হৃদয় ও শুভ্র।
স্থানীয়রা জানায়, বিকেলে বিরুলিয়ার ভোমকা গ্রামের একটি মাঠে খেলছিল হৃদয়, শুভসহ তাদের কয়েকজন বন্ধু। খেলা শেষে একটি পরিত্যক্ত গ্রেনেড সদৃশ বস্তু পেয়ে তা তুলে নিয়ে খেলনা মনে করে নাড়াচাড়া করতে থাকে শুভ। এসময় অন্যরাও তার সাথেই ছিল। কিছুক্ষণ পরই বস্তুটি বিকট শব্দে বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই মারা যায় শুভ। গুরুত্বর আহত হয় হৃদয়। আশংকাজনক অবস্থায় হৃদয়কে সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তবে বিস্ফোরিত বস্তুটি আসলেই গ্রেনেড কি না তা নিশ্চিত করেনি পুলিশ।
হৃদয় ও শুভ স্থানীয় শ্যামপুর জাহাঙ্গীর খান দারুল মাদ্রাসার শিক্ষার্থী। হৃদয়ের পিতার নাম শফিকুল ইসলাম এবং শুভর পিতার নাম আব্দুল। তাদের বাড়ী বিরুলিয়া ইউনিয়নের মইস্তাপাড়া এলাকায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ দুটি থানায় নিয়ে আসে। স্থানীয় এলাকাবাসী ২ শিশুর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে।
এ ব্যাপারে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ মোতালেব মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বোমাটি কিভাবে ওই স্থানে আসলো তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়ছে।