‘ফেবারিট হিসেবেই সিরিজ জেতা উচিত’

দু’দলের অতীত মুখোমুখিতার ইতিহাস আর অভিজ্ঞতা বাদ দিয়ে যদি সাম্প্রতিক ফর্ম হিসাব করা হয় তাহলে আসন্ন সিরিজে পাকিস্তানের চেয়ে নিজেদেরই পরিষ্কার ব্যবধানে এগিয়ে রাখছেন সাকিব আল হাসান।
 
বৃহস্পতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সে যোগ দেয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে একথা বলেন তিনি।
 
বিশ্বকাপে তুলনামূলক বিচারে দুর্বল আফগানিস্তান এবং স্কটল্যান্ডের পাশাপাশি শক্তিশালী ইংল্যান্ডকে হারায় বাংলাদেশ। প্রথমবারের মতো খেলে কোয়ার্টার ফাইনালে।
 
এই পারফরম্যান্স বাংলাদেশের শক্তিমত্তার পরিচায়ক বলে মনে করছেন সাকিব। আইপিএলর শিরোপাধারিদের সঙ্গে যোগ দেয়ার আগে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার বলেন, ‘আমার কাছে মনে হয় আমাদেরকে ফেভারিট হিসেবে ওয়ানডে সিরিজ শুরু করা উচিত।
দৃঢ়তার সঙ্গে তিনি বলেন, আমিসহ দলের সবাই এটা বিশ্বাস করে, এখনই সেরা সময় পাকিস্তানের বিপক্ষে সিরিজ  জয়ের। আমাদের এখন যে টিম আছে, এই দল নিয়ে  যেকোন দলের বিপক্ষেই সিরিজ জেতা সম্ভব। গত দুই বছরে আমরা এটা প্রমাণ করেছি। আমার কাছে মনে হয় না এটা নিয়ে কেউ দ্বিমত পোষণ করবে। ভালো ক্রিকেট খেলতে পারলে যেকোন দলের সঙ্গে জেতা সম্ভব। সেটা বিশ্বকাপ হোক বা অন্য কোন টুর্নামেন্ট হোক।
 
তিনি আরো বলেন, আমরা নিউজিল্যান্ডের সঙ্গে আমরা সাতবার (টানা সাত ম্যাচ) জিতেছি। তারা এবারের বিশ্বকাপের রানার্স আপ। সুতরাং আমাদের ভেতরে ওই বিশ্বাসটা অবশ্যই থাক উচিৎ।’
 
তিনি বলেন, ‘এখনও কোন পরিকল্পনা করিনি। আইপিএলএ আগামীকাল থেকে অনুশীলন শুরু করবো। মাথায় তো অবশ্যই পাকিস্তান সিরিজ থাকবে। আমাদের জন্যে এই বছরটি খুব গুরুত্বপূর্ণ। ২০১৯ সালে দশ দেশের বিশ্বকাপ হবে। তার জন্য র্যাংকিং অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। বড় দেশগুলোর বিপক্ষে জিততে পারলে বেশি পয়েন্ট পাওয়া যাবে। এতে র‌্যাংকিংয়ে ওপরে উঠার সুযোগ থাকবে আমাদরে। বিশ্বকাপের দল বাছাইয়ের সময় আমাদেরকে র্যাংকিংয়ে আট দলের মধ্যে থাকতে হবে। যেকোন বড় দল কিংবা ছোট দলই আসুক আমাদেরকে এ বছর ভালো খেলতেই হবে। আমাদের চেষ্টা করতে হবে যত বেশি সংখ্যক ম্যাচ জেতার।’
নিজের পারফরম্যান্স প্রসঙ্গে সাকিব বলেন, ‘ভালো করার তো আর শেষ নেই। আমার কাছে মনে হয় বেশ ভালো হয়নি। যেভাবে শুরু করেছিলাম সেভাবে শেষ করতে পারিনি। যদি শেষটা ভালো হত তাহলে হয়তো আরও ভালো হত। বিশ্বকাপে নতুনরা সবাই ভালো করেছে। ওরা প্রত্যাশার চেয়ে ভালো করেছে। সৌম্য, তাসকিন, সাব্বির ওরা সবাই ভালো পারফরমেন্স করেছে। টিম হিসেবে আমার খুব ভালো করেছি।’
বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে এনিয়ে তিনবার অংশগ্রহণ করেছেন সাকিব। সামগ্রিক বিবেচনায় শেষ বিশ্বকাপকেই এগিয়ে রাখছেন তিনি, ‘আসলে তিনটি বিশ্বকাপে আমরা কিন্তু ম্যাচ জিতেছি তিনটি করে। কোনটাতে বেশিও জিতিনি কমও জিতিনি। এবারের বিষয়টি ভিন্ন। এবারের বিশ্বকাপে আমরা প্রতিটি ম্যাচে ভালো করেছি। যেটা আগে হয়নি। আমার ব্যক্তিগত টার্গেট পরবর্তী বিশ্বকাপে চারটি ম্যাচ জেতার।’