রাজধানীর তেজগাঁওয়ে ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী মাসুম ও তার ঘনিষ্ঠ সহযোগী তাহের গত তিন দিনেও অধরা। হত্যার অভিযোগে গ্রেফতার জিকরুল্লাহ ওরফে জিকির ও আরিফের কাছ থেকে এ সংক্রান্ত তেমন কোনো তথ্য পায়নি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরই মধ্যে জিকির ও আরিফকে সঙ্গে নিয়ে ডিবি ঢাকায় বেশ কয়েকটি মাদ্রাসায় অভিযান চালিয়েছে। ওই সব মাদ্রাসা থেকে মাসুম ও তাহেরকে শনাক্ত করতে পারেনি।
তবে ডিবি পুলিশ জানিয়েছে—খুনের আগে মাসুম যাত্রাবাড়ী এলাকার একটি মাদ্রাসায় অবস্থান করেছিল। ব্লগার ওয়াশিকুর হত্যার ঘটনায় গ্রেফতার জিকির ও আরিফের বৃহস্পতিবার ছিল রিমান্ডের দ্বিতীয় দিন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘ওয়াশিকুর হত্যাকাণ্ডে জিকির ও আরিফকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। গত দুই দিনের রিমান্ডে ইতোমধ্যে তারা কী ভাবে হত্যার পরিকল্পনা করে, কোথা থেকে চাপাতি কিনেছিল, কয়জন জঙ্গি মিলে বাবুকে কী ভাবে হত্যা করা হবে, তা জানিয়েছে। গ্রেফতার না হওয়া মাসুম ও তাহেরকে ধরতে অভিযান চলছে। গ্রেফতারকৃতরা ইতোমধ্যে চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসা ও ঢাকার মিরপুর-১ নম্বর সেকশনে দারুল উলুম মাদ্রাসার ছাত্র বলে দাবি করেছে। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ ঘটনার শুরু থেকে দাবি করে আসছে— তারা তাদের মাদ্রাসার শিক্ষার্থী নয়। তবে এমনও হতে পারে এরা দুজন ছদ্মনামে ওই মাদ্রাসায় ভর্তি হয়েছিল।
উল্লেখ্য, গত ৩০ মার্চ সকালে তেজগাঁও দক্ষিণ বেগুনবাড়িতে প্রকাশ্যে কুপিয়ে ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গ্রেফতারকৃত জিকির ও আরিফ ডিবি পুলিশের ৮ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।