মার্কিন যুদ্ধ বিমান তাইওয়ানের একটি বিমান ঘাটিতে অবতরণ করার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। গত তিন দশকের ভেতর তাইওয়ানে কোন মার্কিন যুদ্ধ বিমানের এটিই প্রথম অবতরণ।
দুইটি এফ-১৮ জঙ্গি বিমান বুধবার তাইওয়ানের দক্ষিণাঞ্চলের একটি বিমান ঘাটিতে জরুরি অবতরণ করে। তাইওয়ানে যুক্তরাষ্ট্রের বিতর্কিত দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, একটি বিমানে যান্ত্রিক গোলযোগের কারণে বিমান দুইটিকে তাইওয়ানে নামতে হয়েছিল।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুংউইং নিয়মিত প্রেস ব্রিফিং করার সময় বলেছেন, 'আমরা চাই যুক্তরাষ্ট্র ঐক্যবদ্ধ চীনের নীতির প্রতি সম্মান প্রদর্শন করুক। এসময় তিনি চীনের সাথে যুক্তরাষ্ট্রের একটি চুক্তির প্রসঙ্গও তুলেন যেখানে যুক্তরাষ্ট্র চীনের বর্তমান সরকারকে দেশটির একক সরকার হিসেবে স্বীকৃতি দিয়েছে।
উল্লেখ্য, তাইওয়ানকে দেশের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে চীন।
তবে তাইওয়ানের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে, পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনা বিমানবাহিনীর মহড়ার জবাবে যুক্তরাষ্ট্র এই কাজ করে থাকতে পারে। সোমবার চীনের বেশ কয়েকটি যুদ্ধ বিমান তাইওয়ান ও ফিলিপাইনের মধ্যবর্তী সাগরের ওপর প্রথম বারের মত মহড়া দেয়ার পর তাইওয়ানে মার্কিন যুদ্ধ বিমান অবতরণের ঘটনা ঘটল। সূত্র: এএফপি