ত্রিশালে খাদ্যে বিষক্রিয়ায় শিশুসহ চার জনের মৃত্যু

ত্রিশালের মঠবাড়ী ইউনিয়নের বাদামিয়া গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে খাদ্যে বিষক্রিয়ায় শিশুসহ চার জনের মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় আরো চার জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বাদামিয়া গ্রামের আবুল কালাম তার স্ত্রী রোকেয়া ও ছেলে রেজাউলকে নিয়ে ঢাকায় থাকেন। সমপ্রতি তারা বাড়িতে এলে আত্মীয়-স্বজনরা বাড়িতে বেড়াতে যান। গতকাল তারা রুটি ও আলু ভাজি দিয়ে নাস্তা সারেন। একপর্যায়ে সকলেই অজ্ঞান হয়ে পড়ে। পরে এলাকাবাসী তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এসময় চিকিত্সাধীন অবস্থায় চার জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন আবুল কালামের মেয়ে নাজমা বেগম (১৩), রোকেয়ার ছোট বোনের মেয়ে দিলরুবা (১০), রোকেয়ার বড় বোনের মেয়ে বিথী (৭) ও রোকেয়ার মা হাজেরা খাতুন সমেলা (৫০)। হাসপাতালে ভর্তি আছেন কালামের মেয়ে আসমা বেগম (২২) ও সালমা বেগম (১০), কালামের পুত্রবধূ রুমা (২০) ও রুমার বোন আম্বিয়া।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. আজিজুল হক জানান, খাবারে বিষক্রিয়া থেকে এ ঘটনা ঘটতে পারে। সেই আলোকে হাসপাতালে ভর্তিকৃতদের চিকিত্সা দেয়া হচ্ছে। ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান জানান, পুলিশ আটা বিক্রেতা সাইফুল ইসলামকে আটার বস্তাসহ আটক করেছে।

এদিকে সিভিল সার্জন ডা. একেএম মোস্তফা কামাল, ডেপুটি সিভিল সার্জন ডা. পরিক্ষিত্ চন্দ্র পাল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম আব্দুর রউফ এবং ত্রিশাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা রুটি, আটা, শুঁটকি তরকারি ও পার্শ্ববর্তী ঘরের মাটির নমুনা সাথে করে নিয়ে গেছেন। ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী বলেন, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দিয়েছেন।