উন্নতবিশ্বে ডেয়ারী শিল্পে ব্যবহূত হাইড্রোফনিক পদ্ধতিতে উত্পাদিত ঘাস এখন আমাদের দেশে উত্পন্ন হচ্ছে। এই প্রযুক্তি বাংলাদেশে সম্পূর্ণ নতুন হলেও ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। হাইড্রোফনিক পদ্ধতিতে মাটি ছাড়া ঘাস উত্পন্ন করা যায়। হাইড্রোফনিক পদ্ধতিতে উত্পাদিত ঘাস ডেয়ারি শিল্পের গরুর দুধের ঘনত্ব বৃদ্ধি করে ২০ শতাংশ পর্যন্ত। দুধের উত্পাদন বৃদ্ধি পায়। এই ঘাস সম্পূর্ণ নিরাপদ হওয়ার কারণে গবাদিপশুর রোগ-বালাইয়ের ঝুঁকি কম। স্বাভাবিকভাবে পাঁচবিঘা জমিতে যে পরিমাণ ঘাস উত্পন্ন হয় ৩০০ বর্গফুটের টিন শেডের ঘরে হাইড্রোফনিক পদ্ধতিতে তার চেয়ে কয়েকগুন বেশি ঘাস উত্পন্ন হয়। ডেয়ারি খামারীরা জানান হাইড্রোফনিক পদ্ধতিতে ঘাস প্রয়োগের কারণে তাদের পশুর খাদ্যের ব্যয় অর্ধেকে নেমে এসেছে। খামারীরা দীর্ঘদিন ধরে পশুখাদ্য হিসেবে সবুজ ঘাসের সঙ্কটের মধ্যে ছিল। এই পদ্ধতি ব্যবহারের ফলে সেই সংকট কিছুটা হলেও কাটবে। হাইড্রোফনিক পদ্ধতিতে ঘাসচাষ খুবই সহজ এবং বেশ লাভজনক হওয়ায় দেশের বিভিন্ন স্থানে এই প্রযুক্তির ব্যবহার শুরু হয়ে গেছে। হাইড্রোফনিক পদ্ধতিতে ঘাস উত্পন্ন করতে হলে নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখতে হয়।