ইয়েমেনের প্রেসিডেন্টের বাসভবন বিদ্রোহীদের দখলে

 
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ও তাদের জোট গোষ্ঠীগুলো  এডেনে প্রেসিডেন্টের বাসভবন দখল করেছে। সেখানে বিদ্রোহীদের সঙ্গে সরকারিবাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ হয়েছে।
শুক্রবার বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি আরব নেতৃত্বধীন জোটের বিমান হামলা সত্ত্বেও  ট্যাঙ্ক ও সাঁজোয় যান নিয়ে বিদ্রোহীরা বন্দর নগরীতে হামলা চালায়।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে অন্তত ৪৪ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৮ জন বেসামরিক।
অন্য ঘটনায়, গুলিতে এক সৌদি বর্ডার গার্ড নিহত হয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। গত সপ্তাহে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন আরব জোট বিমান হামলা শুরু করার পর এই প্রথম কোননো সৌদি সেনা নিহতের খবর পাওয়া গেলো।
সৌদি সরকার বলেছে, প্রেসিডেন্ট আবদরব্বু মনসুর হাদির ‘বৈধ সরকার’ রক্ষার জন্য তারা ইয়েমেনে এই হামলা চালিয়েছে। তবে এখনই স্থল সৈন্য স্থাপনের পরিকল্পনা নেই বলে জানিয়েছে দেশটি।
দেশটিতে শিয়া হুথি বিদ্রোহীদের হটাতে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট সাতদিন ধরে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। তারপরও হুথি অগ্রগতি অব্যাহত রয়েছে। যদিও হুথিদের অবৈধ শাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ হামলা চলবে বলে ঘোষণা দিয়েছে আরব জোট। অন্যদিকে দেশটির সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহর অনুগত সৈন্যরা হুথিদের সমর্থন দিয়ে যাচ্ছে বলে জানা গেছে।