বুড়িগঙ্গায় ট্রলারডুবি: নিহতের সংখ্যা বেড়ে ১০

 
বুড়িগঙ্গা নদীতে ট্রলারডুবির ঘটনায় আরো দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে একজন বৃদ্ধা ও একজন যুবক রয়েছেন। শুক্রবার এই লাশ দুইটি উদ্ধার করা হয়। এই নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ১০জন হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো চারজন।
উদ্ধার হওয়া বৃদ্ধার নাম জমিলা খাতুন (৬৫) এবং যবকটির নাম রাসেল (২২)। জমিলা খাতুন রাজধানীর লালবাগ শহীদনগর এলাকার আব্দুর রশিদের স্ত্রী। সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে।
চাঁদপুরের মতলব থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া ট্রলারটি কেরাণীগঞ্জের আলীগঞ্জের পানগাঁওয়ে বুড়িগঙ্গা নদীতে ‘সাথীবুল বাহার-২’ নামে একটি বালুবাহী বাল্কহেড এর ধাক্কায় ডুবে যায়। গতকাল পর্যন্ত আটটি লাশ উদ্ধার করা হয়েছিল।