চাটখিলের সন্ত্রাসী কবির গুলিতে নিহত

নোয়াখালী জেলার চাটখিলের শীর্ষ সন্ত্রাসী ২নং রামনারায়ণপুর ইউনিয়নের সোবহানপুর গ্রামের শামসুল হক শামুর ছেলে কবির হোসেন (৩০) বৃহস্পতিবার রাতে গুলিতে নিহত হয়েছেন। 
শুক্রবার সকালে থানা পুলিশ  তার লাশ পশ্চিম রামনারায়ণপুর গ্রামের ধানক্ষেত থেকে উদ্ধার করেছে। তাকে হাত, পা বেঁধে গুলি করে হত্যা করা হয়েছে। তার শরীরে অসংখ্য গুলির জখম দেখা গেছে। 
থানা পুলিশ জানায়, নিহত কবির পুলিশের তালিকায় ১নং সন্ত্রাসী। তিনি একটি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে থানায় খুন, চুরি, ডাকাতিসহ ৭টি মামলা রয়েছে। 
আজ সকালে গ্রামবাসী পশ্চিম রামনারায়ণপুর গ্রামের ধানক্ষেতে তার লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খরব দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কবিরের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।