আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো প্রয়োজন নেই। বিএনপির এ দাবি সম্পূর্ণ অযৌক্তিক।’ আওয়ামী লীগ সরকার আমলেই সেনাবাহিনী ছাড়া অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের জয়ী হওয়ার কথা তুলে ধরেন তিনি। শুক্রবার রাজধানীর আইডিইবি মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সিটি নির্বাচনে সেনাবাহিনী কেন মোতায়েন করতে হবে? তাদের কী নির্বাচন পরিচালনা করার জন্য প্রশিক্ষণ দেয়া হয়েছে? এই প্রশিক্ষণও তারা নেয়নি, তাদের প্রশিক্ষণ অনেক উচ্চতর, তারা দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব রক্ষার জন্য রয়েছে। তাই সেনাবাহিনীকে যত্রতত্র ব্যবহার করা যাবে না।’
আয়োজক সংগঠনের সভাপতি ডা. এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায়, নৌকা সমর্থক গোষ্ঠীর সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর মিজিসহ সংগঠনের নেতারা।