বিএনপি এখন বিলুপ্তির পথে: নাসিম

 
 
 
 
 
 
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘রাজনৈতিক দল হিসেবে বিএনপি এখন বিলুপ্তির পথে রয়েছে। তাদের ডাকা হরতাল-অবরোধ জনগণ প্রত্যাখ্যান করেছে।’ শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ইউনাইটেড ইসলামী পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘সিটি নির্বাচনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ হবে। জনগণ যে রায় দেবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল তা মেনে নেবে।’
নাসিম বলেন, ‘খালেদা জিয়ার নির্বাচনে আসাকে স্বাগত জানাই। ৫ জানুয়ারি নির্বাচন অংশ না নিয়ে উনি যে ভুল করেছিলেন তার মাশুল তাকে দিতে হচ্ছে।’
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে একাত্তরের মতো নারী-শিশুসহ সাধারণ মানুষকে পুড়িয়ে মারছে। তাদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে।’
খালেদা জিয়ার উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, ‘কোর্টে যাবেন ভালো কথা। আইনের কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত ভালো লক্ষণ।’
নাসিম বলেন, ‘আওয়ামী লীগ গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রেখেছে, গণতন্ত্র অবশ্যই রক্ষা করবে।’  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড ইসলামি পার্টির চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসাইন।