শুক্রবার সকালে নগরীর সিডিএ এভিনিউ’র দামপাড়া এলাকায় ব্লসম গার্ডেন পাহাড় থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। জানা গেছে, সিডিএ’র কাছ থেকে ওই পাহাড়ে তিনটি সেমিপাকা দোকান তৈরির অনুমতি লাভ করেছিল ব্লসম গার্ডেন কর্তৃপক্ষ। তবে অনুমতিপত্রের শর্ত ভেঙে পাহাড়টিতে দোতলা কাঠামো নির্মাণ করে বেশ কয়েকটি দোকান তৈরি করা হয়। অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে সিডিএ’র পক্ষ থেকে নোটিস দিলে স্থাপনাগুলো উচ্ছেদ না করার জন্য উচ্চ আদালতে ব্লসম গার্ডেনের পক্ষ থেকে মামলা করা হয়। আদালত পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান না চালানোর জন্য সিডিএকে নির্দেশনা দেয়। গত বৃহস্পতিবার আদালতের উক্ত আদেশ রহিত হয়ে যাওয়ায় সিডিএ সেখানে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।
সিডিএ’র অথরাইজড অফিসার-২ মো. শামীম জানান, সিডিএ’র নিষেধাজ্ঞার পরও নকশা বহির্ভূতভাবে ব্লসম গার্ডেন পাহাড়ে অবৈধভাবে বেশ কয়েকটি দোকান ও শো’রুম তৈরি করা হয়েছিল। আদালতের আদেশের পর বৃহস্পতিবার দোকানদারদের মালামাল সরিয়ে নিতে বলা হয়েছিল। গতকাল সকাল থেকে ১৮টি দোকান উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে নগরীর অন্যান্য অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হবে বলে জানান তিনি। এদিকে দোকান মালিকরা কোনো পূর্ব নোটিস ছাড়াই সিডিএ কর্তৃপক্ষ দোকানগুলো উচ্ছেদ করেছে বলে অভিযোগ করেছেন।