বিশ্বকাপে অন্তত দু’ দু’বার পাকিস্তান দলে ঢুকে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল সাঈদ আজমল। কিন্তু চোটে পড়া কারো জায়গায় শেষ পর্যন্ত বিশ্বকাপটা খেলা না হলেও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে বিলম্ব হচ্ছে না বিশ্বসেরা এই অফস্পিনারের। অবৈধ অ্যাকশনের কারণে বিশ্বকাপ মিস করা আজমল বাংলাদেশ সফরে আসছেন তিন ধরনের দলেরই সদস্য হিসেবে।
গতকাল সাঈদ আজমলকে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটের দলে রেখেই বাংলাদেশ সফরের জন্য তিনটি দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগের ঘোষণা মতোই তিন ফরম্যাটে অধিনায়কত্ব করবেন ভিন্ন ভিন্ন তিন ক্রিকেটার। টেস্টে যথারীতি অধিনায়ক আছেন মিসবাহ-উল-হক। ওয়ানডেতে তাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে আজহার আলীকে। প্রায় তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তিনি অধিনায়ক হিসেবেই। আর টি-টোয়েন্টিতে দায়িত্বটা আগের মতোই থাকছে শহীদ খান আফ্রিদির ওপর।
সাঈদ আজমল ছাড়াও তিন ফরম্যাটেই দলে ফিরেছেন বিশ্বকাপ মিস করা সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। হাফিজ মূলত বিশ্বকাপ মিস করেছেন পায়ের ইনজুরির জন্য। তবে তার বোলিং অ্যাকশনেই নিষেধাজ্ঞা আছে। এই অলরাউন্ডারকে হয়তো বাংলাদেশ সফরে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলতে হতে পারে। গত নভেম্বরে বোলিং অ্যাকশনের কারণে রিপোর্টেড হওয়া হাফিজ প্রথম দফা নিয়মিত পরীক্ষায় পাস করতে পারেননি। পরে আবার তারিখ পেলেও পায়ের ইনজুরির কারণে পরীক্ষা দিতে পারেননি। আগামী ৯ এপ্রিল তার আবার পরীক্ষা হবে চেন্নাইয়ে। এ দফা অবশ্য আগে থেকে ওই একই গবেষণাগারে ব্যক্তি উদ্যোগে একটা পরীক্ষা দিয়ে নিশ্চিত হয়ে নিয়েছেন হাফিজ।
সাঈদ আজমলও বোলিং অ্যাকশন নিয়ে জটিলতায় ভুগছিলেন। তিনিও প্রথম দফা অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হন। পরে অ্যাকশন শুধরানোর পর পরীক্ষা দিয়ে ঠিক বিশ্বকাপের আগে অ্যাকশন বৈধ বলে রায় পেয়েছেন বর্তমান বিশ্বের এক নম্বর এই স্পিনার। হাফিজ, আজমল ছাড়া বাংলাদেশ সফরের পাকিস্তান দলের তিন ফরম্যাটেই ঠাঁই পাওয়া সদস্যরা হলেন—শরফরাজ আহমেদ, হারিস সোহেল, ওয়াহাব রিয়াদ ও সোহেল খান। ইনজুরির কারণে কোনো ফরম্যাটের দলেই নেই মোহাম্মদ ইরফান।
পাকিস্তানের সর্বশেষ ওয়ানডে দল, মানে বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন নাসির জামসেদ, উমর আকমল, ইউনুস খান ও আহমেদ শেহজাদ। এই দল থেকে অবসর নিয়েছেন মিসবাহ-উল-হক ও শহীদ আফ্রিদি। এদের বদলে ডাক পেয়েছেন সাঈদ আজমল, হাফিজ, আসাদ শফিক, ফাওয়াদ আলম, আজহার আলী, মোহাম্মদ রিজওয়ান ও সামি আসলাম।
পাকিস্তানের খেলা সর্বশেষ টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন এহসান আদিল, ইমরান খান, মোহাম্মদ তালহা, শান মাকসুদ ও তৌফিক উমর। ঢুকেছেন বাবর আজম, সামি আসলাম, সাঈদ আজমল, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান ও সোহেল খান। সর্বশেষ টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন আনোয়ার আলী, আওয়ায়িস জিয়া, রাজা হাসান ও উমর আকমল। এই দলে নতুন করে ডাক পেয়েছেন মুখতার আহমেদ, আজমল, শোয়েব মাকসুদ, মোহাম্মদ রিজওয়ান, সোহেল খান ও জুনায়েদ খান।
টেস্ট দল
মিসবাহ-উল-হক (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সামি আসলাম, আসাদ শফিক, আজহার আলী, ইউনিস খান, হারিস সোহেল, সাঈদ আজমল, ইয়াসির শাহ, জুলফিকার বাবর, শরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, সোহেল খান, রাহাত আলী।
ওয়ানডে দল
আজাহার আলী (অধিনায়ক), শরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, আসাদ শফিক, ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান, হারিস সোহেল, শোয়েব মাকসুদ, সামি আসলাম, সাঈদ আজমল, ইয়াসির শাহ, ওয়াহাব রিয়াজ, রাহাত আলী, এহসান আদিল, সোহেল খান।
টি-টোয়েন্টি দল
শহীদ আফ্রিদি (অধিনায়ক), আহমেদ শেহজাদ, শরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, মুখতার আহমেদ, শোয়েব মাকসুদ, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান, সাঈদ আজমল, সোহেল তানভীর, সাদ নাসিম, ওয়াহাব রিয়াজ, সোহেল খান, উমর গুল, জুনায়েদ খান।