চট্টগ্রামে মেয়র পদে নাছিরকে একক প্রার্থী ঘোষণা ১৪ দলের

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আ.জ.ম নাছির উদ্দীনকে সর্বসম্মত সমর্থন ঘোষণা করেছে চট্টগ্রাম ১৪ দল। গতকাল শুক্রবার বিকালে চট্টগ্রাম ১৪ দলের সভায় এই ঘোষণা দেন কেন্দ্রীয় ১৪ দল নেতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ১৪ দল চট্টগ্রামের সমন্বয়ক এবিএম মহিউদ্দিন চৌধুরী।

সভায় হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন প্রার্থী নাছির উদ্দীনকে বিজয়ী করতে সর্বাত্মক শক্তি নিয়োজিত করতে হবে। অন্যদিকে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল হক মাইজভান্ডারী এমপি বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের চেতনার প্রার্থী আ.জ.ম নাছির উদ্দীনকে সমবেত প্রচেষ্টায় জয়যুক্ত করতে হবে। আওয়ামী লীগ কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য ও নাগরিক কমিটির চেয়ারম্যান মো. ইসহাক মিয়া বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়াকে একদিন জনগণের আদালতে দাঁড়াতে হবে। সভাপতির বক্তব্যে নাগরিক কমিটির মহাসচিব ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, আমাদের দলের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন ১৪ দলের একক প্রার্থী। চট্টগ্রামের উন্নয়ন এবং জাতীয় অস্তিত্ব রক্ষায় তাকে বিজয়ী করার জন্য ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করতে হবে।
সমর্থন জানানোর জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে নাছির উদ্দীন ১৪ দলের নেতা-কর্মীদেরকে বলেন, আপনাদের আস্থা ও ভালোবাসায় মেয়র নির্বাচিত হলে এই নগরীকে মেগাসিটিতে পরিণত করবো।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল চট্টগ্রাম নগর শাখার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল, জাসদ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ইন্দু নন্দন দত্ত, মহানগর ন্যাপের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী আহম্মদ নাজির, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ, জাসদ মহানগর সভাপতি আবু বক্কর ছিদ্দিক, গণপ্রজাতন্ত্রী পার্টির জেলা সভাপতি তাজের মুল্লুক, গণআজাদী লীগের মহানগর আহ্বায়ক মাওলানা নজরুল ইসলাম আশরাফী, তরিক্বত ফেডারেশনের মহানগর আহ্বায়ক কাজী আহসানুল হক মোর্শেদ কাদেরী প্রমুখ।