রাজধানীর মগবাজারে বাসচাপায় দুই সহোদর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। শনিবার সকাল ১০টার দিকে রমনা থানার কাছে আনুদ্বীপ সিএনজি স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আসাদুল (২০) ও মাজেদুল (১৭)। তারা ফ্লাইওভার নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন। তারা বগুড়ার ধুনটের চরচাপড়া গ্রামের আতাউর রহমানের ছেলে।
আহত আপর নির্মাণ শ্রমিক মঞ্জুকে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার সকাল ১০টার দিকে ঐ শ্রমিকরা ফ্লাইওভারের পিলারের কাজ করার ফাঁকে বসে বিশ্রাম করছিলেন। এ সময় গুলিস্তান থেকে গাজীপুরগামী প্রভাতী-বনশ্রী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসাদুল ও মাজেদুলকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত অবস্থায় মঞ্জুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রমনা থানার ওসি মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক চালকসহ বাসটিকে আটক করা হয়েছে।