গত ৩০ মার্চ জাতীয় দৈনিকগুলোতে টিম স্পন্সর চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া বিজ্ঞপ্তিতেই ব্যাপারটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে, বাংলাদেশ জাতীয় দলের স্পন্সর হিসেবে আর রাখা হচ্ছে না সাহারা পরিবারকে। গতকাল একটি আর্ন্তজাতিক সংবাদ মাধ্যমে বিষয়টি স্বীকার করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন। তিনি জানিয়েছেন, সাহারা পরিবারের প্রতিষ্ঠান অ্যামবি ভ্যালির সঙ্গে চুক্তি তারা নির্ধারিত সময়ের ১৫ মাস আগে শেষ করে দিয়েছেন। এখন নতুন করে টিম স্পন্সর খুঁজছেন।
২০১২ সালের জুন মাসে অ্যামবি ভ্যালি চার বছরের জন্য ১৪ মিলিয়ন মার্কিন ডলারে বাংলাদেশ দলের প্রধান স্পন্সর হিসেবে বিসিবির সঙ্গে চুক্তি করে। বাংলাদেশের ইতিহাসে এটা সর্ববৃহত্ স্পন্সর চুক্তি ছিলো। এই সময়ে অনুষ্ঠিত নিলামে তারা হটিয়ে দেয় এর আগে আট বছর ধরে বাংলাদেশ দলের স্পন্সর হিসেবে থাকা গ্রামীণফোনকে। পাশাপাশি ভিন্ন ভিন্ন চুক্তিতে সাহারা পরিবার কিনে নেয় অ্যাকাডেমি পৃষ্ঠপোষণা ও ইনস্টেডিয়া বিজ্ঞাপনের অধিকারও।
কিন্তু গত বছর থেকে ভারতেই আদালতে আর্থিক কারণে বিপাকে থাকা সাহারা পরিবারের সঙ্গে আর এই চুক্তি চালিয়ে যেতে পারছে না বিসিবি। কারণ সর্বশেষ আর্থিক লেনদেন নিয়ে মন্তব্য করেনি বিসিবি। তবে তারা জানিয়েছে, নতুন করে যারাই টিম স্পন্সর হতে চাইবে, তাদের মোট টাকার অর্ধেক টাকা অফেরতযোগ্য ব্যাংক গ্যারান্টি রাখতে হবে।