বগুড়ার আদমদীঘিতে কিশোর সজিব হত্যা ঘটনায় শনিবার আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা আতোয়ার রহমান বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এদিকে হত্যা ঘটনায় পুলিশ এক কলেজ ছাত্রীসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আটককৃতরা হলেন- আদমদীঘির ধামাইল গ্রামের একরাম হোসেনের মেয়ে কলেজ ছাত্রী মনিরা, কোলাদীঘি গ্রামের নবিবর রহমানের ছেলে কলেজ ছাত্র রনি, আক্কেলপুর উপজেলার দোলাপাড়া গ্রামের তছলিম সরদারের ছেলে মান্নান ও তার ভাই হান্নান। এই হত্যাকাণ্ডের এখনও কোন মুটিভ পাওয়া না গেলেও থানার অফিসার ইনচার্জ মোসলেম উদ্দিন জানান, নারী ও প্রেম ঘটিত ঘটনার জের ধরে সজিবকে ডেকে নিয়ে গিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে।
উল্লেখ্য, আদমদীঘির পুশিন্দা গ্রামের আতোয়ার রহমানের ছেলে মুরইল বাজারের ওম শান্তি মোবাইল ফোন দোকানের কম্পিউটার কর্মচারী সজিব (১৭) গত ৩১ মার্চ দিবাগত রাতে মুরইল বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাতে নিখোঁজ হওয়ার ৩দিন পর গত ৩ এপ্রিল বিকেলে মুরইল-সাওইল রাস্তার বাসুদেবপাড়া বটতলি ব্রিজের নীচে পানিতে ভাসমান অবস্থায় অর্ধগলিত লাশ পুলিশ উদ্ধার করেন।