রাজধানীর বনশ্রীতে এক নির্মাণ শ্রমিক এবং উত্তরায় এক মাদ্রাসাছাত্র বহুতল ভবন থেকে পড়ে মারা গেছে। শনিবার সকাল এবং শুক্রবার দিনগত রাতে এ দুটি ঘটনা ঘটে। নিহতরা হলো—আবু জাফর হাওলাদার (৩৫) ও রেদোয়ান আহমেদ রাজিম (১১)। ময়নাতদন্তের জন্য তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
খিলগাঁও থানার এস আই আবুল বাশার জানান—বনশ্রীর ‘জি’ ব্লকের পাঁচ নম্বর সড়কের এক নম্বর বাড়ির নির্মাণকাজ চলছে। সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন আবু জাফর হাওলাদার। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি নয় তলার ছাদ থেকে পড়ে যান। উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ দিকে, শুক্রবার দিনগত রাতে উত্তরা-১২ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে ভবন থেকে পড়ে মারা গেছে মাদ্রাসাছাত্র রেদোয়ান আহমেদ রাজিম।
উত্তরা পশ্চিম থানার পুলিশ জানায়—রাজিম মাদ্রাসাতুল ইহসান আল-আরাবিয়ার হেফজ শাখার ছাত্র ছিল। ২৬ মার্চের ছুটিতে সে গ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুরে যায়। শুক্রবার বিকালে তার মা তাকে মাদ্রাসায় রেখে যান। এর কিছু সময় পরই সে মাদ্রাসা ভবনের ছয় তলার ছাদ থেকে পড়ে যায়। তাকে উদ্ধার করে সোনরগাঁও জনপদ সড়কের একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। মাদ্রাসায় রেখে যাওয়ার পরপরই তার এমন মৃত্যুতে স্বজনদের মনে সন্দেহ দেখা দিয়েছে। সে অসাবধানতায় পড়ে যায়, নাকি অন্য কোনো ঘটনা রয়েছে তা তদন্তের দাবি জানিয়েছেন শিশুটির বাবা মোস্তফা কামাল।
উত্তরা পশ্চিম থানার এস আই কবীর হোসেন জানান— প্রাথমিকভাবে ভবন থেকে পড়ে মৃত্যুর কথাই জানা গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।