মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের দক্ষিণে শনিবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন আরোহীর সবাই নিহত হয়েছে। নিহতদের মধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মুখ্য ব্যক্তিগত সচিব ও যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত রয়েছেন। তারা নাজিবের মেয়ের বিবাহত্তোর অনুষ্ঠান থেকে ফিরছিলেন। খবর: রয়টার্স ও এএফপি।
প্রত্যক্ষদর্শীরা মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেরনামা’কে জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার আগে মধ্যাকাশে হেলিকপ্টারটিকে বিস্ফোরিত হতে দেখেছেন তারা।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে কুয়ালালামপুরের দক্ষিণে সেমেনি শহরের একটি রাবার বাগানে এসে পড়ে। এতে হেলিকপ্টারে থাকা ছয় আরোহীর সবাই নিহত হয়। নিহতদের মধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মুখ্য ব্যক্তিগত সচিব আজলিন আলীয়াস এবং আইনপ্রণেতা ও নাজিবের রাজনৈতিক দল ইউএমএনও’র জ্যেষ্ঠ সদস্য জামালউদ্দীন জারজিস রয়েছেন। জামালউদ্দীন যুক্তরাষ্ট্রে মালয়েশিয়ান রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বপালন করেন।
প্রধানমন্ত্রী নাজিব রাজাক এক বিবৃতিতে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে খুবই দুঃখ ভারাক্রান্ত। জামালউদ্দীন জারজিস বহু বছর ধরে আমার বন্ধু ছিল এবং এখন আমার সত্যিকার বন্ধু বলে কেউ থাকলো না।’
তিনি বলেন, ‘আজলিন আমার চিফ অব স্টাফ ছিলেন এবং তিনি সত্যিই বিশ্বস্ত সরকারি কর্মকর্তা ছিলেন। মালয়েশিয়ার সরকার, ইউএমএনও পার্টি ও মালয়েশিয়ার প্রতি এই দুইজনের অবদান খুবই উল্লেখযোগ্য।’
প্রধানমন্ত্রী দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।
পরিবহন মন্ত্রী লিও তিয়ং লাই পৃথক বিবৃতিতে বলেন, ছয় আরোহীর লাশ উদ্ধার করে কুয়ালালামপুরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘এটা সত্যিই একটা বিরাট ক্ষতি এবং এই দুঃসময়ে নিহতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। এবং প্রার্থনা করছি তারা যাতে শিগগিরই শোক কাটিয়ে উঠতে পারে।’