‘বিলম্বে হলেও বিএনপির বোধোদয় হয়েছে’

 
 
 
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিলম্বে হলেও বিএনপির বোধোদয় রাজনীতিতে বাস্তবতার পথ অনুসরণ করবে। তারা রাজনীতিতে বাস্তবতার পথ থেকে সরে গিয়েছিল। তারা আন্দোলন করতে গেছেন চোরাগোপ্তা বোমাবাজিতে।’ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী ফতেহপুরে ফোরলেন প্রকল্পের ওভারপাসের কাজের পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।
ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ব্যাপারে মন্ত্রী বলেন, ‘বিগত ৯টি সিটি করপোরেশন নির্বাচনে সরকার যেভাবে অবাধ নিরপেক্ষ করেছে, তেমনি এ তিনটি নির্বাচনেও নির্বাচন কমিশন স্বাধীন ও কতৃর্ত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়তা করবে। চলতি বছরের মধ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোর লেনের কাজ সম্পন্ন  হবে। রোজা ও ঈদ সামনে রেখে মহাসড়কে যে ভোগান্তি হয়, এবার সে ভোগান্তির পুনরাবৃত্তি হবে না।’
এ সময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফোরলেন প্রকল্পের অতিরিক্ত পরিচালক অরুণ আলো চাকমা, প্রকল্প ব্যবস্থাপক সন্তোষ কুমার রায় প্রমুখ।