যশোরে বজ্রপাতে নিহত ২

যশোরে পৃথক স্থানে বজ্রপাতে স্কুল ছাত্রসহ দুইজন নিহত ও চারজন আহত হয়েছে। রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। 
নিহতরা হলেন- যশোরের উপশহর এলাকার এফ ব্লকের শহিদুল ইসলামের ছেলে ৮ম শ্রেণির ছাত্র নুরুজ্জামান (১৫) ও মণিরামপুরের কোমরপুর গ্রামের চানআলীর ছেলে সাগর হোসেন (২৫)। 
আহতরা হলেন- যশোর সদর উপজেলার বাগেরহাট গ্রামের মাহাবুর রহমানের ছেলে মারুফ হোসেন (২৫) ও তার ভাই আব্দুল মান্নান (২৮) এবং মণিরামপুরের সোনা মিয়া ও সাধন বিশ্বাস। আহতরা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্র মতে, উপশহর অনির্বাণ ক্লাবের মাঠে সহপাঠীদের সাথে ফুটবল খেলছিল নুরুজ্জামান। এ সময় বজ্রপাতে তিনি মারা যান। অপরদিকে মণিরামপুরের সাগর, সোনা মিয়া ও সাধন বিশ্বাস ইঞ্জিনচালিত নসিমনযোগে ঝিকরগাছা এলাকায় আসছিলেন। পথিমধ্যে বাঁকড়া এলাকায় বজ্রপাতে সাগর মারা যান এবং সোনা মিয়া ও সাধন বিশ্বাস আহত হন। এছাড়া শার সদর উপজেলার বাগেরহাট গ্রামে দুপুরের দিকে ডিপ টিউবওয়েলে গোসল করছিলেন মারুফ হোসেন ও তার ভাই আব্দুল মান্নান। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটলে তারা দু’জন মারাত্মক আহত হন।