ইটিএফ চালুর চেষ্টা চলছে: ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক ড. স্বপন কুমার বালা বলেছেন, ‘বর্তমানে বাজারে শুধু মেয়াদি তহবিল লেনদেন করা হয়। বেমেয়াদি তহবিলগুলোকে ইটিএফ এর মাধ্যমে লেনদেনযোগ্য করার চেষ্টা করছে ডিএসই। বিএসইসির অনুমতিক্রমে শিগগির একটি ইনোভেটিভ ওপেন-অ্যান্ড মিউচুয়াল ফান্ড ইটিএফ বাজারে আনার চেষ্টা চলছে। এ ফান্ড চালুর ব্যাপারে বিএসইসি ও ডিএসই যৌথভাবে কাজ করছে।
 
প্রাথমিকভাবে ঝুঁকি হ্রাসের জন্য সূচকের সাথে সমন্বয় করে এটি চালু করা হবে।’ ডিএসইর ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী ‘অ্যাসেট ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে রবিবার ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক এ সব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএসইর প্রধান রেগুলেটরি কর্মকর্তা এ কে ম জিয়াউল হাসান খান।
 
ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক আরো বলেন, ‘অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান কাজ হলো—মিউচ্যুয়াল ফান্ড পরিচালনা করা। মিউচ্যুয়াল ফান্ড হলো—সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ তহবিল। এই তহবিলের বহুমুখী বিনিয়োগের ফলে পুঁজিবাজারে ব্যবসায়ের ক্ষেত্রে ঝুঁকি অনেকাংশে কম থাকার কথা। যারা পুঁজিবাজার সম্পর্কে কম ধারণা রাখেন এবং কম ঝুঁকি নিতে আগ্রহী, তারা মিউচ্যুয়াল ফান্ডের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারেন।’