স্টার সানডে উপলক্ষে রবিবার সকালে বন্ধুদের সঙ্গে ফার্মগেটে গির্জায় গিয়েছিলেন মতিঝিল নটরডেম কলেজের ছাত্র ফিও টনিয়া ত্রিপুরা (১৭)।
বেলা সাড়ে ১১ টার দিকে আবার কলেজের উদ্দ্যেশে রওনা দিয়ে বন্ধুরাসহ বিআরটিসির একটি বাসে ওঠেন। বাসের হেলপারকে অনুরোধ করেন কলেজের সামনে নামিয়ে দেওয়ার জন্য। কিন্তু কলেজের সামনে কোন স্টপেজ না থাকায় চালক বাসটি থামাতে অস্বীকৃতি জানায়। এসময় জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত বাস থেকেই লাফ দেন টনিয়া। কিন্তু নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি। ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। টানা ৫ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করেন বিকেল ৫ টার দিকে না ফেরার দেশে পারি জমান টনিয়ার।
টনিয়া বান্দরবান জেলার রুমা থানার জয়তুন পাড়ার কেয়ানন ত্রিপুরার ছেলে। তিনি নটরডেম কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
মতিঝিল থানার এসআই আল আমিন জানান, টনিয়া নটরডেম কলেজের মার্টিন হোষ্টেলে থাকতেন। তিনি আরো জানান, কলেজ কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ হহস্তান্ত করা হয়েছে।