বিবিসিকে সংলাপের প্রস্তাব

তিন সিটিতে তিনদিন বৈঠক করবেন সিইসি

 
তিন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও সকল কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। সভায় অপর চার নির্বাচন কমিশনারগণও উপস্থিত থাকবেন। আগামী ১১ এপ্রিল চট্টগ্রাম, ১২ ও ১৩ এপ্রিল ঢাকার উত্তর ও দক্ষিণে অনুষ্ঠিত হবে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে তিন সিটির রিটার্নিং অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে।
 
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক এস এম আসাদুজ্জামান-আরজু জানান, ১১ এপ্রিল চট্টগ্রামের মুসলিম হলে এবং ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ১২ ও ১৩ এপ্রিল মতবিনিময় সভা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা, আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য, নির্বাচন কমিশন সচিবও এসময় উপস্থিত থাকবেন।
 
ইসি কর্মকর্তারা জানান, প্রার্থীরা যাতে নির্বাচনী আচরণবিধি মেনে চলেন, সে জন্য এই মতবিনিময় সভা করা হচ্ছে। সভায় রিটার্নিং কর্মকর্তা ছাড়াও সহকারী রিটার্নিং কর্মকর্তারাও অংশ নেবেন। সভায় প্রার্থীদের বিভিন্ন সমস্যার কথা শুনবেন সিইসি। এছাড়া সুষ্ঠু নির্বাচনের বিষয়ে তাদের মতামত নেয়া হবে। সেই অনুযায়ী সমস্যা চিহ্নিত করে তিন সিটিতে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।
 
বিবিসিকে সংলাপের প্রস্তাব: ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) বাংলা বিভাগকে তিন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের নিয়ে সংলাপ করার প্রস্তাব দিয়েছে ইসি। তবে অর্থায়নের বিষয়টি ইসি বহন করবে না বলেও জানিয়ে দিয়েছে। উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকটি সিটি নির্বাচনে বিবিসি মেয়র প্রার্থীদের নিয়ে সংলাপের আয়োজন করেছিলো।
 
যাচাই-বছাই শেষে ঢাকা উত্তরে ১৯ জন মেয়র, সংরক্ষিত ১১৩ জন ও সাধারণ ৪৪৬ জনের মনোনয়নপত্র বৈধ হয়। দক্ষিণে মেয়র পদে ২৩ জন, সংরক্ষিত ১২২ ও সাধারণ কাউন্সিলর পদে ৫৩৩ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া চট্টগ্রামে ১২ মেয়র প্রার্থীসহ তিনটিপদে ছয় শতাধিক প্রার্থী রয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, ৯ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় রয়েছে। এছাড়া ১০ এপ্রিল প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রতীক দেবে রিটার্নিং কর্মকর্তা। তিন সিটির প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের নিয়ে ভোট হবে ২৮ এপ্রিল।