আগ্রাসী ব্যাংকিং বন্ধ করতে নতুন ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সর্তক করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। একই সঙ্গে ব্যাংকের মাধ্যমে যেন কোনো ভাবেই জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন হতে না পারে, সে দিকও খেয়াল রাখার পরামর্শ দেন তিনি। রবিবার নতুন অনুমোদন পাওয়া নয়টি ব্যাংকের মধ্যে তিন এনআরবি ছাড়া অন্য ছয়টি ব্যাংকের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন গভর্নর ড. আতিউর রহমান।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর ভিত্তিক বার্ষিক প্রতিবেদনের ওপর এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নতুন ব্যাংকের প্রধান নির্বাহীরা ছাড়াও ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী, নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান, নওশাদ আলী চৌধুরী, সাইফুল ইসলাম, অফসাইট সুপারভিশন বিভাগ ও ব্যাংক পরিদর্শন সংশ্লিষ্ট বিভাগগুলোর মহাব্যবস্থাপকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল আমিন সাংবাদিকদের জানান—ব্যবসা পরিচালনার বিভিন্ন আর্থিক সূচক নিয়ে বৈঠকে আলোচনা হয়। যেসব ব্যাংকের আর্থিক সূচক কেন্দ্রীয় ব্যাংকের দৃষ্টিতে অস্বাভাবিক বলে মনে হয়েছে, তাদের সাথে আলাদাভাবে বৈঠকের কথা জানানো হয়েছে। এ ছাড়া, নতুন ব্যাংকগুলোকে আগ্রাসী ব্যাংকিং থেকে দূরে থাকার সতর্কবার্তা দিয়েছেন গভর্নর।
মধুমতি ব্যাংকের এমডি মিজানুর রহমান বলেন, ‘বৈঠকে নিয়মের মধ্যে থেকে ব্যবসা পরিচালনার জন্য নতুন ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছেন গভর্নর।’নতুন প্রজন্মের এ সব ব্যাংকের বিরুদ্ধে আইন লঙ্ঘন করে আগ্রাসী ব্যাংকিং করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তাই বৈঠকে নতুন ব্যাংকগুলোতে সুশাসন নিশ্চিত করাসহ সার্বিক ব্যবসার উন্নয়ন, অভ্যন্তরীণ ঝুঁকি ব্যবস্থাপনা যথাযথ পরিপালনের ওপর জোর দেয়া হয়েছে। এ ছাড়া, উত্পাদনশীল খাতে বিশেষ করে কৃষিঋণ বিতরণ কার্যক্রম বেগবান করতে এমডিদের তাগিদ দেয়া হয়েছে।