বিবৃতি নেই হরতালও নেই

আদালত থেকে জামিন নিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গুলশানের কার্যালয় থেকে গতকাল রবিবার বাসায় ফেরার পর দলটির কর্মসূচিতেও হঠাত্ ছন্দপতন ঘটেছে। দলের যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু গত কিছুদিন ধরে প্রতিদিনই বিবৃতি দিয়ে এলেও গতকাল দেননি। নতুন করে হরতালেরও কোনো কর্মসূচি নেই। এছাড়া গত ৬ জানুয়ারি থেকে চলা অবরোধ নিয়েও সৃষ্টি হয়েছে ‘ধোঁয়াশা’। অবশ্য দলের দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, হরতাল না থাকলেও অবরোধ চলমান। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অবরোধ থাকবে।

নতুন করে হরতাল আহ্বান করে কিংবা অবরোধ চালিয়ে যাওয়ার জন্য দল ও জোটের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে ২০ দলের পক্ষে বুলু বা অন্য কেউ গতকাল বিবৃতি না দিলেও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া একটি শোকবার্তা দিয়েছেন। গতকাল এক শোকবার্তায় তিনি বগুড়াসহ দেশব্যাপী কালবৈশাখী ঝড়ে ২৫ জনের বেশি লোকের প্রাণহানি, অসংখ্য মানুষ আহত হওয়া এবং বাড়িঘর, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি উপদ্রুত অঞ্চলে দ্রুত ত্রাণসামগ্রী পাঠানোর আহ্বান জানান।

শোকবার্তায় খালেদা জিয়া বলেন, কালবৈশাখী ঝড়ে ২৫ জনের অধিক লোকের প্রাণহানির ঘটনায় শোক জানানোর ভাষা আমার জানা নেই। বাংলাদেশ ঋতু পরিবর্তনের দেশ। বন্যা, খরা, ঘূর্ণিঝড়সহ বহু প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে এদেশের মানুষ ধৈর্য ও সাহসের সঙ্গে ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। আমি বিশ্বাস করি, ক্ষতিগ্রস্ত অঞ্চলের সাহসী জনগণ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতেও সক্ষম হবে।