উত্তরে মিন্টুর অপেক্ষায় বিএনপি বিকল্প হতে চান মাহী

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে এখনও আবদুল আউয়াল মিন্টুর অপেক্ষায় রয়েছে বিএনপি। মনোনয়নপত্র বাতিল চ্যালেঞ্জ করে গতকাল রবিবার হাইকোর্টে রিট আবেদন করেছেন মিন্টু। আজ সোমবার এর শুনানি হওয়ার কথা। উচ্চ আদালতের চূড়ান্ত রায় না পাওয়া পর্যন্ত বিএনপি মিন্টুর জন্য অপেক্ষা করবে বলে দলটির নীতিনির্ধারণী একাধিক সূত্র ইত্তেফাককে নিশ্চিত করেছে। এসব সূত্র জানায়, অপেক্ষার কারণ হচ্ছে বিএনপি মনে করে সবদিক বিচার-বিশ্লেষণে উত্তরে মিন্টু দল সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেলে ইতিবাচক ফল আসবে। অন্য বিকল্পদের ক্ষেত্রে যা ততটা নিশ্চিত নয়।

আবদুল আউয়াল মিন্টু উচ্চ আদালতেও হেরে গেলে উত্তরে বিএনপিসহ ২০ দল সমর্থিত বিকল্প মেয়র প্রার্থী হতে চান বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী। মিন্টুপুত্র তাবিথ আউয়ালের পাশাপাশি মাহীও বিএনপির বিকল্প ভাবনায় রয়েছে। বিএনপির সমর্থন পেতে বিভিন্ন মাধ্যমে সর্বোচ্চ চেষ্টাও করছেন মাহী। নির্বাচনের বিষয়ে মাহী আজ বিকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। সেখানেও তিনি বিএনপির সমর্থন পাওয়ার প্রত্যাশার কথা জানাবেন বলে জানা গেছে। প্রসঙ্গত, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তাবিথের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিকল্পধারার মাহী বি. চৌধুরীর মনোনয়নপত্রও বৈধ হয়েছে।
মিন্টু যদি শেষ পর্যন্ত উচ্চ আদালতেও হেরে যান, তাহলে ঢাকা উত্তরে বিএনপি সমর্থিত বিকল্প প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেননি তাবিথ আউয়াল। তিনি গতকালও ইত্তেফাককে বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি খুবই অস্বস্তি ও বিব্রতকর পরিস্থিতির মধ্যে রয়েছি। কারণ এরকম পরিস্থিতির কথা আমি চিন্তাও করিনি। দেখি কী করা যায়।’ বিএনপির একটি সূত্র জানায়, বাবার স্থলে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী নন, তাবিথ এরই মধ্যে   দলের শীর্ষ পর্যায়ে এরকম বার্তা দিয়ে রেখেছেন। এ কারণে বিকল্পধারার মাহী-ই এখন বিএনপির ‘ভরসা’। বিএনপির একাংশের মতে, মাহী বর্তমানে সরাসরি বিএনপিতে না থাকলেও এবং বিকল্পধারা ২০ দলের শরিক না হলেও দলটি এই জোটের সমমনা। মাঠে না থাকলেও ২০ দলের দাবি ও কর্মসূচির প্রতিও রয়েছে বিকল্পধারার প্রকাশ্য সমর্থন। ‘ইত্তেফাকে’র সঙ্গে আলাপকালে মাহীও এর সঙ্গে একমত পোষণ করেন।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দল সমর্থিত মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে বিএনপি। শনিবার রাতে গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর অধ্যাপক এমাজউদ্দীন আহমাদ একথা জানিয়েছেন। তিনি জানান, উত্তরে আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বাতিলের বিষয়টি উচ্চ আদালতের সিদ্ধান্ত জানার পর এ বিষয়ে বিএনপি কাকে সমর্থন দেবে তা ঠিক করবে। বিএনপি সূত্রে জানা গেছে, মির্জা আব্বাসকে আনুষ্ঠানিক সমর্থন দেয়ায় ঢাকা দক্ষিণে মেয়র পদে মনোনয়নপত্র দাখিলকারী বিএনপির অপর তিন নেতা— আব্দুস সালাম, আসাদুজ্জামান রিপন ও কাজী আবুল বাশার নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন।