ইরাক সিরিয়াসহ বিশ্বে শান্তি প্রতিষ্ঠার আহ্বান পোপের

ইস্টার সানডে’র বার্তায় পোপ ফ্রান্সিস ইরাক সিরিয়ার রক্তপাত বন্ধের আহবান জানিয়েছেন। বিশ্বে শান্তি প্রতিষ্ঠার আহবান জানিয়ে তিনি বলেন, ঐসব দেশে মানবিক সহায়তা দরকার। ভ্যাটিক্যান সিটিতে দেয়া ঐ বার্তায় তিনি ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে আবারো শান্তি আলোচনার আশা ব্যক্ত করেন। খবর সিএনএন’র।

বিশ্বাবাসীর উদ্দেশ্যে পোপ বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন স্থানে সংবাদের শিরোনাম দখল করে রেখেছে সহিংসতা। সারা বিশ্বের সহিংসতা বন্ধের আহবান জানান তিনি। সুইজারল্যান্ডের লুসানে ইরানের সাথে নিরাপত্তা পরিষদের চুক্তির সাফল্য কামনা করেন তিনি। ইয়েমেন, নাইজেরিয়া ও দক্ষিণ সুদানের সঙ্কট নিয়েও কথা বলেন পোপ ফ্রান্সিস। এছাড়া সমপ্রতি কেনিয়ার গ্যারিসা বিশ্ববিদ্যালয়ে আল শাবাব জঙ্গিদের নিষ্ঠুর হত্যাযজ্ঞেরও নিন্দা করেন পোপ। এসময় তিনি লিবিয়ার কথাও উল্লেখ করেন।  তিনি ইউক্রেনের শান্তি কামনা করে বলেন, সেখানে যারা দুর্ভোগ পোহাচ্ছেন তারা আরোগ্য লাভ করুন। বিশ্বের অর্থনৈতিক নিপীড়ন সম্পর্কেও কথা বলেন পোপ ফ্রান্সিস। বিশ্বের বিভিন্ন স্থানে এককভাবে এবং সমষ্টিগতভাবে অপরাধীরা অনেক নারী-পুরুষকে নতুন ধরনের দাসত্বে বাধ্য করছে। আমরা ঐসব দু:খী মানুষের জীবনে শান্তি এবং মুক্তি প্রার্থনা করি। তিনি মাদক ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী, দুর্নীতিবাজ কর্মকর্তা এবং দুর্নীতির সাথে জড়িতদের সুমতি আশা করেন। তিনি সবার জন্য শান্তি কামনা করেন।